গারো পাহাড়ের বন্য হাতির আক্রমণের আতঙ্কে রাত কাটছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষের। হাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় মশাল জ্বালিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন পাহাড়ি ওই গ্রামগুলোর কৃষকেরা।
সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হাতিগুলো প্রায় ১৫ বছর আগে ভারতের পিক পাহাড় থেকে দলছুট হয়ে গারো পাহাড়ে আসে। ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধার কারণে হাতিগুলো পুনরায় তাদের আবাসস্থলে ফিরে যেতে পারেনি। প্রথম দিকে গারো পাহাড়ে অবস্থান নেওয়া ওই হাতির সংখ্যা ছিল ২০-২৫টি। বর্তমানে এ সংখ্যা ৫০টির বেশি।
এলাকাবাসী জানান, বর্তমানে পাহাড়ের সমতলে বোরো ধান পাকা শুরু হয়েছে। প্রতিবছরই ধান ও কাঁঠাল পাকার মৌসুমে হাতির পালটি সন্ধ্যার দিকে খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। গত এক সপ্তাহে পোড়াগাঁও, নয়াবিল এবং রামচন্দ্রকুড়া ইউনিয়নের পাঁচটি গ্রামের ৪০-৫০ একর জমির বোরো ধান খেয়ে ফেলেছে হাতির দলটি। এখন পাহাড়ি ১৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষের রাত কাটে হাতির আক্রমণের আতঙ্কে।
হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত নিরঞ্জন রবি দাশ বলেন, ‘হাতির পাল আমার ২০ শতাংশ জমির ধান খাইয়া শেষ কইরা দিছে। দুই রাতে নাকুগাঁও গ্রামে হানাদিয়া প্রায় ২০ একর জমির পাকা ধান খাইয়া হালাইছে। মশাল জ্বালাইয়াও এগরে খেদাইন যাইতাছে না। অহন আমরা নিরুপায়।’
নাকুগাঁও গ্রামের রুস্তম আলী বলেন, প্রতিবছরই ধান পাকার মৌসুমে হাতির পাল হানা দেয়। এক সপ্তাহ ধরে এদের উপদ্রব বেড়ে গেছে। এলাকাবাসী সন্ধ্যা হলেই হাতির আক্রমণের আতঙ্কে থাকেন। পোড়াগাঁও ইউনিয়নের কালাপানি গ্রামের অসিম রাকসাম বলেন, ‘সারা দিন মামারা (হাতির দল) লালটিলার গভীর জঙ্গলে ঘুরে বেড়ায়। বিকেলে আস্তে আস্তে নিচে নামতে থাহে। প্রত্যেক রাইতে আমরা মশাল দিয়া মামাগরে বাধা দেই।’
নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান বলেন, পাহাড়ি এলাকার বাসিন্দারা হাতির কাছে অসহায় হয়ে পড়েছে। মশাল জ্বালাতে তাদের এক ড্রাম কেরোসিন তেল দেওয়া হয়েছে। প্রতিকারের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।