আতঙ্কে পটুয়াখালী শিশু পরিবারের অনাথেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সরকারি শিশু পরিবারের (বালিকা) চারতলা ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিনের পুরোনো এই ভবনের মূল বিমে ফাটল ধরায় ভবনটি ঝুঁকে পড়েছে। এ অবস্থায় ১৭১টি অনাথ শিশু এবং এখানকার শিক্ষকেরা দুর্ঘটনার আতঙ্কে আছেন। জরুরি ভিত্তিতে শিশুদের বসবাসের জন্য নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিন মাস আগে চিঠি দিয়ে জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাজসেবা অধিদপ্তরের অধীনে ১৯৭৪ সালের ১ জুলাই শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় ১৭৫ আসনবিশিষ্ট চারতলা একটি ভবনে সরকারি শিশু পরিবারের যাত্রা শুরু হয়। এখানে শিশু থেকে ১৮ বছরের অনাথ শিশুরা থাকা-খাওয়া, লেখাপড়া ও প্রশিক্ষণের সুযোগ পেয়ে আসছে। গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, ভবনটির ছাদের অনেক স্থানে ফেটে রড বেড়িয়ে গেছে। রডে মরিচা ধরেছে। দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। দুর্ঘটনার আশঙ্কায় ইতিমধ্যে ওই ভবন থেকে ৫০ জন শিশুকে কার্যালয় ভবনের নিচতলায় প্রশিক্ষণ কক্ষে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে টাইপ-শর্টহ্যান্ড, উল বুনন ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ বন্ধ রয়েছে। শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক শাহিদা খান জানান, ছাদের পলেস্তারা খসে পড়ায় বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। ভবনটি সামনের দিকে ঝুঁকে পড়ায় তাঁরাও আতঙ্কে আছেন। ভবনটি স্যাঁতসেঁতে হওয়ায় শিশুরা চর্মরোগে আক্রান্ত হচ্ছে। তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা স্বপন কুমার মুখার্জী বলেন, গত ১০ জুলাই সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দিয়ে বিষয়টি অবহিত করে শিশুদের জন্য নতুন ভবন নির্মাণ এবং নিবাসীদের দ্রুত স্থানান্তরের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে ৫০ জন শিশুকে ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরানো হয়েছে। অন্যদেরও সরানোর চেষ্টা করা হচ্ছে।