
গাইবান্ধার গ্রামগুলোর দৃশ্য এখন চোখজুড়ানো। দিগন্তছোঁয়া মাঠের পর মাঠ কচি বোরো ধানের চারায় টিয়া পাখির ডানার মতো সবুজ হয়ে আছে। গাছগাছালিতে বসন্তের নবীন কিশলয়। কোথাও কোথাও শিমুল শাখায় রক্তিম ছটা। মুকুল ঝরে গিয়ে মার্বেলের আকারের গুটি বেরিয়েছে আমগাছে। কিচিরমিচির করছে পাখপাখালির ঝাঁক। পথের কিনারে ভাঁটের ঝোপগুলো ভরে আছে অগুনতি সাদা ফুলে। পটে আঁকা ছবির মতো সুন্দর দৃশ্য।
আপাতদৃশ্যে এই শান্ত-স্নিগ্ধ গ্রামগুলোর ভেতরের বাস্তবতা ভিন্ন। মানুষের মধ্যে রয়েছে উদ্বেগ, আতঙ্ক। কখন কী হয়, কার প্রাণ যায় বোমায়-আগুনে, কে নিখোঁজ হয়, রাতে কার বাড়ি থেকে কাকে তুলে নিয়ে যায় আইনের লোক—এসব দুশ্চিন্তা চেপে বসছে গ্রামবাসীর মনে। অনেক গ্রামেই রাতে ঘরে থাকেন না পুরুষেরা। আত্মীয়স্বজনের বেড়াতে আসা নিষেধ। জেলার পলাশবাড়ী উপজেলার গিরিধারীপুর ইউনিয়নে সভায় ও মাইকে জানানো হয়েছে এই নিষেধাজ্ঞা।
বিএনপি-জামায়াত জোটের ডাকা হরতাল-অবরোধ শুরুর পর জেলায় ব্যাপক সহিংসতা ঘটেছে। বিশেষ করে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীতে যানবাহনে হামলা, আগুন দেওয়া নিয়মিত ঘটনা হয়ে উঠেছিল। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ছিল গত ৬ ফেব্রুয়ারি গাইবান্ধার তুলসীঘাটে ঢাকাগামী বাসে পেট্রলবোমা হামলা। এতে আটজন প্রাণ হারান। জনমনে এতে প্রবল আতঙ্ক সৃষ্টি হয়। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে নাশকতা দমনে পুলিশ-যৌথ বাহিনীর অভিযানে অসংখ্য গ্রেপ্তারসহ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা আরেক ধরনের ভীতির জন্ম দিয়েছে। জেলায় জামায়াতে ইসলামীর প্রাধান্য। এর মধ্যে পলাশবাড়ী, সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার গ্রামগুলো জামায়াত-অধ্যুষিত। এবার নাশকতার কেন্দ্র পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অভিযান চলছে। গত বৃহস্পতিবার পলাশবাড়ীর বিভিন্ন গ্রামে গিয়ে বোঝা গেছে মানুষের মনের উদ্বেগ-আতঙ্ক।
সবচেয়ে কড়া পুলিশি অভিযান হচ্ছে পলাশবাড়ীর গিরিধারীপুর গ্রামে। এই গ্রামের এক পাশে সাদুল্যাপুর উপজেলা, অন্য পাশে রংপুরের পীরগঞ্জ উপজেলার সীমান্ত। ফলে এক উপজেলা থেকে নাশকতা করে সহজেই অন্য উপজেলায় চলে যাওয়া যায়। গ্রামটি এখন কেবল পুরুষশূন্যই নয়, সভা-সমাবেশ করে আত্মীয়স্বজনদেরও এই গ্রামে আসতে নিষেধ করা হয়েছে। ওই সভা হয় ৩ মার্চ গিরিধারীপুর ঈদগাহে। গিরিধারীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান ও স্থানীয় উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবায়দুল ইসলাম বক্তব্য দেন। ইউপি চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘এলাকার পরিস্থিতি ভালো নয়। পুলিশি অভিযান চলছে। আশপাশের এলাকার নাশকতা সৃষ্টিকারীরা এখানে আশ্রয় নেয়। তাই সবাইকে বলেছি, অপরিচিত লোক যেন গ্রামে না আসে। অনেক সময় ভিন্ন গ্রামের আত্মীয়স্বজন বেড়াতে এলে তারা পুলিশি অভিযানে আটক হতে পারেন। সে কারণেই সভা করে ও মাইকে প্রচার করে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্য এলাকার আত্মীয়স্বজনদের বেড়াতে আসতে নিষেধ করেছি।’
রাজনীতি করেন না এবং থানায় কোনো অভিযোগ নেই—এমন অনেক লোককেও গিরিধারীপুর থেকে গ্রেপ্তারের অভিযোগ রয়েছে। এমন দুজনের পরিবারের সঙ্গে প্রথম আলোর কথা হয়েছে। তাঁদের একজন ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এরফানুল সবুর ২ মার্চ ও অন্যজন গিরিধারীপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক রাশেদুল ইসলাম ৫ মার্চ গ্রেপ্তার হন। তাঁদের নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সবুরের স্ত্রী ও রাশেদুলের নাম প্রকাশে অনিচ্ছুক এক আত্মীয় বলেন, ব্যক্তিগত প্রতিহিংসার কারণে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ গ্রেপ্তার করিয়েছে।
অভিযোগ আছে, পুলিশ ও যৌথ বাহিনীর তল্লাশি অভিযানের সুযোগে সরকারি দলের কেউ কেউ বা প্রভাবশালী ব্যক্তিরা তাঁদের প্রতিপক্ষ বা ব্যক্তিগত বিষয়াদি নিয়ে যাঁদের সঙ্গে দ্বন্দ্ব আছে—এমন লোকদের গ্রেপ্তার করাচ্ছেন। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের নাশকতার মামলায় কারাগারে পাঠানো হচ্ছে। জামিন হচ্ছে না।
বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামে রাতে পুরুষেরা থাকেন না। ওই গ্রামের রফিকুল ইসলাম, আবু বকর সিদ্দিক, খয়বর আলী, সিদ্দিকুর রহমান আলাপকালে রাতে বাড়িতে না থাকার কথা জানালেন। বললেন, জমিতে এখন সেচ-নিড়ানি দিতে হচ্ছে। তাই বাধ্য হয়ে দিনে গ্রামে আসতে হয়। তাঁরা কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নন। তবু তাঁদের বাড়িতে পুলিশ তল্লাশির সময় ভাঙচুর করেছে।
বরিশাল ইউনিয়ন জামায়াতের সভাপতি শামিম প্রধান নিখোঁজ হয়েছেন ২৩ ফেব্রুয়ারি। তাঁর বাবা মেহের প্রধান কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, তাঁর ছেলে পালিয়ে ছিলেন। বগুড়া থেকে শামিম ও তাঁর সহযোগী আক্কাস আলীকে র্যাব আটক করে। আক্কাসকে তিন দিন পর ছেড়ে দেওয়া হয়। তবে র্যাব শামিমকে গ্রেপ্তার করেনি বলে জানিয়েছে। তিনি ছেলের খোঁজে র্যাব, পুলিশ সবার কাছে গেছেন। কোনো পক্ষই আটকের কথা স্বীকার করেনি।
পলাশবাড়ীর মহেশপুর, উদয়সাগর, সুইগ্রাম, সোনাতলা, নিশ্চিন্তপুর, বাঁশকাটা গ্রামে এবং শিবরামপুর ও দয়ারপাড়া গ্রামের কিছু অংশে পুরুষ এমনকি বছর দশেক বয়সী ছেলেরাও রাতে বাড়িছাড়া। বৃহস্পতিবার দয়ারপাড়া, সুইপাড়া, উদয়সাগরে গিয়ে দেখা গেল গ্রামগুলো প্রায় নির্জন। মাঠের কাজেও লোক নেই। বাড়িতেও পুরুষের সংখ্যা কম। নারীরা বাড়ির ভেতরে বা সামনের উঠানে সাংসারিক কাজ করছেন। পুলিশ ধরবে—এই ভয়ে তাঁরা অপরিচিত লোকের সঙ্গে কথা বলতে চান না। এসব এলাকার পরিচিত লোক সঙ্গে নিয়ে কয়েকটি বাড়িতে গিয়ে ভাঙচুরের চিহ্ন দেখা গেছে। বাড়ির লোকেরা নাম প্রকাশে অনিচ্ছুক। তাঁরা বলেছেন, অভিযানের সময় পুলিশ এসব ভাঙচুর করেছে। উদয়সাগর এলাকায় একটি ধানের জমিতে দেখা গেল আগাছা আর ধানের চারা প্রায় সমান। নাম প্রকাশে অনিচ্ছুক নারীরা জানালেন, যাঁর জমি তাঁকে পুলিশ খুঁজছে। তিনি পলাতক। জমি পরিচর্যার মানুষ নেই।
এই ব্যাপক পুলিশি অভিযানের ফলও পাওয়া গেছে বলে মনে করেন গাইবান্ধা নাগরিক কমিটির নেতা জিয়াউল হক। তিনি বলেন, যে মারাত্মক সহিংসতা গাইবান্ধা-পলাশবাড়ীতে শুরু হয়েছিল, পুলিশি অভিযানে তা এখন প্রায় বন্ধ। যানবাহন চলাচল শুরু হয়েছে। দোকানপাট খুলছে। এলাকাটি সহিংসতায় প্রায় মৃত এলাকায় পরিণত হয়েছিল। এখন প্রাণ ফিরে আসছে।
অভিযোগ ছাড়া আটক-গ্রেপ্তার, অভিযানে বাড়িতে ভাঙচুর—এসব অভিযোগ সম্পর্কে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশি অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে অভিযোগগুলো তোলা হচ্ছে। এক এলাকার লোক অন্য এলাকায় গিয়ে সহিংসতা করছে। তাদের ধরা হয়েছে। দেখা গেছে, শিক্ষকতা বা সরকারি চাকরি করেন—এমন লোকও কর্মস্থল থেকে গ্রামে ফিরে এসে গোপনে নাশকতামূলক কাজে জড়িত থাকেন। তাঁদের সামাজিক পরিচয় এক রকম, কিন্তু গোপনে সহিংতায় জড়িত বা ইন্ধন দেন। এমন লোককে আটক করা হলে অনেকের কাছে আশ্চর্যজনক মনে হয়। তবে জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান চলবে।