আতঙ্কে বাসা থেকে বের হন না মৃদুল চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাসা থেকে বের হতে এখনো ভয় লাগে। কখন এসে আবার তুলে নিয়ে যায়। যদি আর ফিরে আসতে না পারি?’
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালি কে সি দে রোডের বাসায় শোবার ঘরে প্রথম আলোকে কথাগুলো বলছিলেন চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী। অপহরণের ছয় দিন পর কুমিল্লার বুড়িচং কংস বাজার এলাকায় অপহরণকারীরা তাঁকে ফেলে যায়।
চট্টগ্রাম নগরের নিউমার্কেটে দুলহান জুয়েলার্সের মালিক মৃদুল চৌধুরী। এ ছাড়া হাজারী লেনেও পাইকারি স্বর্ণের দোকান রয়েছে তাঁর। অপহরণের আগে সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকলেও এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। শরীর থেকে শুকায়নি নির্যাতনের চিহ্ন। চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে।
মৃদুলের স্ত্রী শেলী রানী চৌধুরী বলেন, ‘অপহরণকারীদের হাত থেকে আসার পর মানুষটা অন্য রকম হয়ে গেছেন। ছেলেমেয়েদেরও বাসা থেকে বের হতে দিচ্ছেন না। নিজেও দোকানে যাচ্ছেন না। রাতে ঘুমের মধ্যেও ভয় পান।’
মুক্ত হওয়ার পর কেউ মামলা তুলে নিতে কিংবা ভয়ভীতি দেখিয়েছে কি না জানতে চাইলে মৃদুল চৌধুরী বলেন, ‘ভয়ে ফোনগুলো বন্ধ রেখেছি। গাড়ি ও লোকজন দেখলে ভয় লাগছে। ছেলেমেয়েদের নিয়েও শঙ্কায় আছি।’
অপহরণ মামলার বাদী মৃদুলের ছোট ভাই শিমুল চৌধুরী বলেন, ‘আমার ভাইয়ের চোখ বাঁধা থাকায় অপহরণকারীদের চিনতে পারেননি। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপহরণকারীদের চিহ্নিত করা হোক।’
মামলার তদন্ত কর্মকর্তা নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও জবানবন্দিতে মৃদুল চৌধুরীর কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়ার আগে কিছুই বলা যাচ্ছে না।
১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে র‌্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে অপহরণ করা হয়। অপহূত হওয়ার আগে মৃদুল চৌধুরী র‌্যাব-২-এর কর্মকর্তা মেজর রকিবুল আমিনসহ তিনজনের বিরুদ্ধে ৮০ ভরি স্বর্ণ লুটের অভিযোগে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন।