আতঙ্কে ভেদরগঞ্জের পাঁচ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মালকান্দি গ্রামে ছয় বছরের একটি শিশুর রহস্যজনক মৃত্যুর পর থেকে পাঁচটি গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। ভয়ে সন্ধ্যার পর ঘর থেকে কেউ বের হয় না। বিদ্যালয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে এসব গ্রামের শিশুরা। এলাকাবাসীর অভিযোগ, থানায় অপমৃত্যুর মামলা হলেও এখনো এ ঘটনার কোনো তদন্ত শুরু করেনি পুলিশ।সখীপুর থানা ও স্থানীয় সূত্র জানায়, ৪ ডিসেম্বর রাতে সাব্বির (৬) নামের ওই শিশুটিকে ঘর থেকে তুলে নিয়ে বাড়ির পাশের খালপাড়ে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন দেখা যায়। ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। অজানা আশঙ্কায় মালকান্দি, কালু বেপারীকান্দি, মুন্সীকান্দি, ঢালীকান্দি ও চান্দু বেপারীকান্দি গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।সাব্বিরের বাবা আবুল হোসেন বলেন, ‘ওই রাতে সাব্বির আমার সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিল। কখন তাকে ঘর থেকে বের করা হয়েছে, আমরা টের পাইনি। ভোর রাতে তাকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। সকালে তার মৃতদেহ খালের পাড়ে পাওয়া যায়। ছেলের ওপর জিনের আসর ছিল বলে আমাদের ধারণা। থানায় অপমৃত্যুর মামলা করেছি। তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন পাওয়া যায়।’মুন্সীকান্দি গ্রামের শাহজাহান মাস্টার বলেন, সাব্বিরের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। একই কায়দায় গত বছরও একটি শিশুকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে কে জড়িত, তা বের করা সম্ভব হয়নি। গ্রামের অসচেতন মানুষ তাই আতঙ্কিত হয়ে পড়েছে। ভয়ে এলাকার মানুষ শিশুদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। পুলিশ প্রশাসনের উচিত ঘটনার রহস্য উদ্ঘাটন করে গ্রামের মানুষের ভুল ভেঙে দেওয়া।ডিএমখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম বলেন, ‘পুরো গ্রামের মানুষ বিশ্বাস করেছে, এটি জিনের কাজ। আমরা চাই, শিশু সাব্বিরের মৃত্যুর রহস্য উন্মোচিত হোক। গ্রামবাসী যেভাবে কুসংস্কারের পেছনে ছুটছে, তাতে সাব্বির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা পার পেয়ে যেতে পারে।’এলাকাবাসী জানান, গত বছর নভেম্বর মাসে একই স্থানে খাদিজা নামের একটি শিশুকে হত্যার চেষ্টা করা হয়। তখনো ওই শিশুটির শরীরের বিভিন্ন স্থানে কামড় ও খামচির চিহ্ন ছিল।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জ্ঞানেন্দ্র মোহন সিকদার শনিবার জানান, শিশুটির লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।