আতঙ্কে মহেশখালীর মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আইলার প্রভাবে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও ধলঘাটার প্রায় ২০ কিলোমিটার বিধ্বস্ত বেড়িবাঁধ এক বছরেও সংস্কার করা হয়নি। এ কারণে উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর আইলার প্রভাবে জলোচ্ছ্বাসে মাতারবাড়ী ও ধলঘাটার প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গিয়ে এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এর আগে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে মহেশখালীর প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধের ক্ষতি হয়। ১৯৯৭ সালের ঘূর্ণিঝড় ও ২০০৭ সালের সিডরেও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল আহমদ বলেন, আইলায় ভেঙে যাওয়া বাঁধগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার লিখিতভাবে জানানো হলেও কাজ হয়নি। মাতারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, মাতারবাড়ী-রাঙ্গাখালীর প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় এলাকার লোকজন আতঙ্কে আছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, গত এক বছরেও বেড়িবাঁধ সংস্কার করা হয়নি। এ কারণে এলাকার লক্ষাধিক মানুষ উৎকণ্ঠায় আছে। উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, লক্ষাধিক মানুষের চোখে এখন ঘুম নেই।