আতঙ্কে মেয়েটি
এখনো ধর্ষণকারী ধরা পড়েনি। ধরা পড়েনি নিরাপত্তাকর্মীর ওপর গুলি চালানো লোকটিও। এর মধ্যেই মেয়েটির চলাফেরা আর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গল্প ফেনিয়ে উঠেছে। এসব নিয়ে মেয়েটি এবং তাঁর পরিবার রয়েছে ঘোর আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে।
গত বৃহস্পতিবার রাতে মেয়েটি তাঁর মা ও এক বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার সময় মাইক্রোবাসে আসা দুর্বৃত্তরা মেয়েটিকে তুলে নিয়ে যায়। তারা মেয়েটির ছেলেবন্ধুকে কুপিয়ে আহত করে। এ সময় পাশের একটি বাসার নিরাপত্তাকর্মী লিয়াকত হোসেন ওরফে লিটন (৩৮) বাধা দিতে এগিয়ে এলে তাঁকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ঘটনার শিকার মেয়েটির চিকিৎসা চলছে। ইতিমধ্যে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে ফলাফল মেলেনি। মেয়েটির পরিবার রয়েছে চরম আতঙ্ক আর অনিশ্চয়তায়। পরিবারের সদস্যদের ফোন নম্বরগুলো সব বন্ধ।
উত্তরা মডেল থানার ওসি শাহাদত হোসেন বলেন, ‘একজনকে রিমান্ডে আনা হয়েছে। আমরা চেষ্টা করছি।’