আতঙ্কে রাজশাহী নগর ফাঁকা
সরকারি ও বিরোধী দলের ‘২৫ অক্টোবরের’ পাল্টাপাল্টি কর্মসূচি সামনে রেখে গতকাল শুক্রবার সারা দিন রাজশাহী নগরের রাস্তাঘাট ফাঁকা ছিল। কোনো দোকানপাট খোলেনি। জনমনে ছিল আতঙ্ক।
গত বৃহস্পতিবার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট নগরে পাল্টাপাল্টি বিক্ষোভের ঘোষণা দিলে আতঙ্কের সূত্রপাত হয়। গতকাল বেলা ১১টার দিকে দুই জোট শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে। শহরের উপকণ্ঠে পবা উপজেলার কাঁটাখালী ও পুঠিয়ার বানেশ্বরেও জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। আর আওয়ামী লীগ নগরের কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে। তবে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রাজশাহী কলেজের ছাত্র আইয়ূব আলী বলেন, কলেজ ছাত্রাবাসে ডাইনিং এখনো চালু হয়নি। এ জন্য তাঁদের বাইরে খেতে হচ্ছে। গতকাল দুপুরে বাইরে কোনো খাবারের দোকান খোলা পাননি।
নগরের বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে সব কর্মসূচি পালিত হয়েছে।