আতঙ্কে সাগরে যাচ্ছেন না উপকূলের জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটাসহ উপকূলের প্রায় আড়াই লাখ জেলে জলদস্যুর আতঙ্কে সাগরে মাছ শিকারে যেতে পারছেন না। বঙ্গোপসাগর ও সুন্দরবনসংলগ্ন এলাকায় ৬ জানুয়ারি রাতে জলদস্যু জিহাদ বাহিনীর গুলিতে এক জেলে নিহত, তিন জেলে গুলিবিদ্ধ ও ছয় জেলে নিখোঁজ হন। ৩৩ জেলেকে জলদস্যুরা অপহরণ করে নিয়ে যাওয়ার পর এক সপ্তাহ ধরে জেলেরা আতঙ্কে আছেন।বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়ন ও ট্রলার মালিক সমিতির তথ্যমতে, বঙ্গোপসাগর ও সুন্দরবনসংলগ্ন নারকেলবাড়িয়া, কচিখালী, ফেয়ারওয়ে বয়া, চালনা বয়া, গঙ্গামতি, সোনার চর, ডিমের চর, লালদিয়া ও টেকদিয়ার চরসহ বিস্তীর্ণ এলাকায় মাছ ধরা ট্রলারসহ জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। ট্রলারসহ অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে ১০ থেকে ১২টি জলদস্যু বাহিনী। জেলেরা জানান, বঙ্গোপসাগরে জেলেদের ট্রলার বহরে জলদস্যুদের সশস্ত্র হামলা, জেলে অপহরণ, জ্বালানি, জাল, রসদ ও ইলিশ মাছভর্তি ট্রলার লুটের ঘটনা প্রায়ই ঘটে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, সাগরে জলদস্যুর তাণ্ডব এখন নিয়মিত ঘটনা, যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের জেলেরা আতঙ্কে বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ায় লাভবান হচ্ছেন ভারতীয় জেলেরা। বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত ও তিন জেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৮ জানুয়ারি সকালে সুন্দরবনের সুপতি ও দরজার খাল এলাকায় জলদস্যু জিহাদ বাহিনীর পাঁচ আস্তানায় অভিযান চালায় র‌্যাব ও কোস্টগার্ড। এ সময় জলদস্যু জিহাদ বাহিনীর আস্তানা থেকে সাত জেলেসহ জলদস্যুদের পোশাক ও হাঁড়ি-পাতিল উদ্ধার করা হয়। জিহাদ বাহিনীর আস্তানা থেকে জলদস্যুদের আটক করতে না পারার কথা স্বীকার করে কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. হারুন অর রশিদ বলেন, পাথরঘাটা কোস্টগার্ড ও মংলা কোস্টগার্ড যৌথভাবে জলদস্যুদের ধরতে সাগর ও সুন্দরবন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।