আতঙ্কে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের বনদস্যু আমজাদ বাহিনীর সদস্যরা সম্প্রতি চারজন নারী জেলেকে অপহরণ করার পর সুন্দরবন ও সংলগ্ন এলাকার নদী ও খালে নারীরা ভয়ে মাছ কিংবা কাঁকড়া শিকার প্রায় বন্ধ করে দিয়েছেন।মাছ ও কাঁকড়া ধরার সঙ্গে জড়িত মনীন্দ্র সরদার, তারাপদ ও আজিবর রহমানসহ কয়েকজন জেলে জানান, ১২ ডিসেম্বর সুন্দরবনে কাঁকড়া শিকারে যাওয়া শ্যামনগর উপজেলার মীরগাং ও চুনকুড়ি এলাকার চার নারী জেলেকে বনদস্যুরা অপহরণ করেছে। একই দিন সুন্দরবনের কালিন্দি নদী এলাকা থেকে বনদস্যু আমজাদ বাহিনীর সদস্যরা তাঁদেরসহ ছোট ভেটখালী গ্রামের মোফাজ্জল হোসেন, ইসমাইল গাজী ও বারিক গাজীকেও অপহরণ করে।পাঁচ ঘণ্টা আটকে রাখার পর বিকেল পাঁচটার দিকে চার নারী জেলেকে একটি মাছ ধরার নৌকায় তুলে দেওয়া হয়। তবে ৬০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে তিন পুরুষ জেলেকে আটকে রাখা হয়। তিন দিন পর ১৫ ডিসেম্বর ৪৩ হাজার টাকা মুক্তিপণ দিয়ে স্বজনেরা তাঁদের ছাড়িয়ে আনেন। উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম ও মুন্সিগঞ্জের ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোড়ল জানান, এ দুটি ইউনিয়নের ৩০টি গ্রামের প্রায় ৮০ হাজার মানুষ বাস করে। এদের ৭০-৮০ শতাংশ সুন্দরবনের ওপর নির্ভরশীল। পুরুষের পাশাপাশি নারীরা মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। কিন্তু বনদস্যুদের অত্যাচারে অনেকেই সুন্দরবনে স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না।নাম প্রকাশ না করার শর্তে সুন্দরবনে কর্মরত কয়েকজন জেলে জানান, আমজাদ বাহিনী মুক্তিপণের দাবিতে পুরুষের পাশাপাশি নারী জেলেদের অপহরণ করছে। অপহরণের পর নারীদের আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। ফলে তাঁদের পারিবারের নারী সদস্যরা সুন্দরবনে মাছ কিংবা কাঁকড়া ধরতে যাওয়া এক প্রকার বন্ধ করে দিয়েছেন। শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের পল্লিচিকিৎসক সুনীল কুমার মণ্ডল জানান, সম্প্রতি বনদস্যুরা চারজন নারী জেলেকে অপহরণ করে। অপহূত দুজন নারী অসুস্থ অবস্থায় সুন্দরবন থেকে ফিরে এসে তাঁর কাছে চিকিৎসাও নেন।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, তাঁরা বিভিন্ন সময় শুনতে পান, জেলেদের অপহরণ করে মুক্তিপণ দাবি করা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে জেলেরা গোপনে বনদস্যুদের চাহিদামতো টাকা দিয়ে মিটিয়ে ফেলেন। তাঁদের জানান না। তবে নারী জেলেদের অপহরণের বিষয় তাঁকে কেউ জানাননি। খোঁজ নিয়ে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, তিনি শ্যামনগর থানায় বুধবার যোগদান করেছেন। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেবেন বলে জানান।