আতঙ্কে স্কুলে যাচ্ছে না শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতার জের ধরে নির্বাচনের ছয় দিন পরও রাজশাহীর বাঘার হরিপুর গ্রামের শিশুরা আতঙ্কে বিদ্যালয়ে যাচ্ছে না।
নির্বাচনের দিন বাঘা উপজেলার তুলসিপুর-টলটলিপাড়া, গঙ্গারামপুর ও হাবাসপুর গ্রামের নির্বাচনবিরোধী লোকজন তুলসীপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দখলের চেষ্টা চালায়। এ সময় সেনাবাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) প্রতিরোধের মুখে তাঁরা ভোটকেন্দ্র ছেড়ে দিয়ে তুলসিপুর গ্রামে ৫০টি এবং পাশের হরিপুর গ্রামের মাঠে নেমে চার শতাধিক আমগাছ কেটে ফেলে।
এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনবিরোধীরা হামলার সময় এলাকার দুস্থ নারীদের শতাধিক ছাগল ও একটি গরু ধরে নিয়ে যায়। বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে। বাধা দিতে গেলে তারা চার ব্যক্তিকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর দিন নবনির্বাচিত সাংসদ শাহরিয়ার আলম স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে করে ওই এলাকা পরিদর্শন করেন এবং পুলিশকে হামলাকারীদের গ্রেপ্তারের জোর তাগিদ দেন।
হরিপুর গ্রামের শিশুরা গঙ্গারামপুর প্রাথমিক বিদ্যালয় ও মণিগ্রাম উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করে। গঙ্গারামপুর গ্রামের ভেতর দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। নির্বাচনের পর থেকে আতঙ্কে ওই গ্রামের ভেতর দিয়ে হরিপুর গ্রামের লোকজনের চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে শিশুরাও আর ওই বিদ্যালয়ে যেতে সাহস পাচ্ছে না।
গতকাল শনিবার তুলসিপুর ও হরিপুর গ্রামে গিয়ে দেখা যায়, মাঠে সারি সারি কাটা আমগাছ পড়ে রয়েছে। মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনবিরোধীরা আবার হামলা চালাতে পারে—তারা এখনো এমন আতঙ্কের মধ্যে রয়েছেন। এ অবস্থায় কোনো শিশুকে জিম্মি করে ফেলতে পারে এই ভয়ে তারা সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে সাহস পাচ্ছেন না।
গ্রামের পারুল বেগম বলেন, তাঁদের পরিবারে তিন ছেলেমেয়ে মনিগ্রাম উচ্চবিদ্যালয়ে যায়। তারা গঙ্গারামপুর গ্রামের ভেতরে দিয়ে যেতে সাহস পায় না। হাইস্কুলের বড় মেয়েরা আরও ভয় পাচ্ছে। গৃহবধূ শহিদা বেগম বলেন, তাঁর মেয়ে এবার সপ্তম শ্রেণীতে উঠেছে। মেয়ে বই-খাতা ফেলে নানিবাড়ি চলে গেছে। আর আসতেই চাচ্ছে না। তিনি জানান, তাঁর মেয়ের মতো প্রায় ২০টি মেয়ে হাইস্কুলে যায়। তারা কেউই এখন আর যেতে সাহস করছে না।
আনোয়ারা বেগম জানান, তার পরিবারের চারটা শিশু বাচ্চা গঙ্গারামপুর প্রাথমিক বিদ্যালয়ে যায়। এখন বাচ্চারাও যেতে ভয় পাচ্ছে। তাঁরা নিজেরাও বাচ্চাদের পাঠাতে ভয় পাচ্ছেন। তিনি বলেন, এই গ্রামের কয়েকটি পরিবার বিএনপির রাজনীতি করে শুধু তাদের পরিবারের গুটি কয়েকটি শিশু বিদ্যালয়ে যাওয়া শুরু করেছে। আর পুরো গ্রামের বাচ্চাদের পড়াশোনা বন্ধ রয়েছে। একই ধরনের কথা বলেন গ্রামের কৃষক শরীফুল ইসলামসহ কয়েকজন।
গঙ্গারামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী বলেন, তুলসিপুর-হরিপুর থেকে প্রায় ৭০টি শিশু এ বিদ্যালয়ে আসে। নির্বাচনের পর থেকে আতঙ্কে তারা আসছে না।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হরিপুর গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষ শুক্রবার পর্যন্ত গাছ কাটাসহ অন্যান্য ধারায় মোট ছয়টি মামলা করেছে। ইতিমধ্যে এসব মামলায় সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দুই গ্রামের লোকেরা অনেকেই পরস্পরের আত্মীয়। তাদের মধ্যে মিলমিশ হয়ে যাবে।