আতঙ্কে ১৫ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ভারতীয় বন্য হাতির আতঙ্কে বকশীগঞ্জ উপজেলার ছয়টি গ্রামের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের টিলাপাড়া এলাকা দিয়ে হাতির পাল লোকালয়ে ঢুকছে। ইনসেটে স্থানীয় লোকজন হাতি তাড়ানোর চেষ্টা করছে l প্রথম আলো
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের টিলাপাড়া এলাকা দিয়ে হাতির পাল লোকালয়ে ঢুকছে। ইনসেটে স্থানীয় লোকজন হাতি তাড়ানোর চেষ্টা করছে l প্রথম আলো

ভারতীয় বন্য হাতির তাণ্ডবে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের ছয়টি গ্রামের ১৫ হাজার মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে। বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়েও থামানো যাচ্ছে না হাতির তাণ্ডব। সন্ধ্যা হলেই হাতির আক্রমণ শুরু হওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বেড়ে যায়। গত কয়েক দিনে হাতির পাল এসব গ্রামের নয়টি পরিবারের বসতঘর ভাঙচুর এবং প্রায় ১২৪ একর জমির ধান নষ্ট করে ফেলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে ভারতীয় হাতির পালের এই তাণ্ডব শুরু হয়। রাতভর মশাল জ্বালিয়ে হইহুলোড় করে হাতির পাল তাড়ানোর চেষ্টা চলছে। এ ছাড়া হাতি ও মানুষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ অবস্থায় এখনো প্রশাসনের পক্ষ থেকে হাতির পালের আক্রমণ ঠেকাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক বলেন, ‘হাতির পালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকায় আমি গিয়েছিলাম। ওই গ্রামগুলোর লোকজনকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অবশ্যই সহযোগিতা করা হবে। হাতির আক্রমণ বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কয়েক ব্যক্তি বলেন, এলাকায় দীর্ঘদিন হাতির উৎপাত বন্ধ ছিল। হঠাৎ গত মঙ্গলবার থেকে হাতির পাল আবার কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া, গারোপাড়া, বালুরচর, নয়াপাড়া, সোমনাথপাড়া ও যদুরচর গ্রামে ঢুকে তাণ্ডব শুরু করে। গত পাঁচ দিনে হাতির পাল যদুরচর গ্রামের রহিম মিয়া, মোজাম্মেল হক, আঙুরি বেগম, আবদুল হামিদ, দুলা মিয়া এবং বালুরচর গ্রামের নূরুল ইসলাম, মনির হোসেন, গোলাম মোস্তফা ও মো.শফিউল্লাহর একটি করে ঘর তছনছ করে। এ ছাড়া গ্রামগুলোর ১২৪ একর জমির পাকা ধান নষ্ট করেছে। গত বৃহস্পতিবার বিকেলে নয়াপাড়া ও যদুরচর গ্রামে অবস্থান করছিল হাতির পাল।

বালুরচর গ্রামের মুসা মিয়া প্রথম আলোকে বলেন, ভারতীয় সীমান্তের বালুরচর গ্রাম দিয়ে হাতির পাল এলাকায় ঢোকে। দিনের বেলায় হাতির পাল পাহাড়ের উঁচু টিলায় অবস্থান করে। সন্ধ্যার পরই দলবেঁধে হাতিগুলো লোকালয়ে নেমে আসে। তারপর এক গ্রাম থেকে আরেক গ্রাম ঘুরে ঘুরে তাণ্ডবলীলা চালায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় কয়েক শ গ্রামবাসী একত্র হয়ে হাতির পালকে ধাওয়া করে। পাঁচ দিন ধরে রাতভর শত শত গ্রামবাসী মশাল জ্বালিয়ে বসে থেকে হাতির পাল তাড়ানোর চেষ্টা করছেন। সন্ধ্যার পর থেকেই গ্রামবাসীদের মনে আতঙ্ক নেমে আসে।

কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল বলেন, যুগ যুগ ধরে বছরের বেশির ভাগ সময় সীমান্তঘেঁষা গ্রামগুলোতে ভারতীয় হাতির তাণ্ডবলীলা চলছে। গত পাঁচ দিন গ্রামের মানুষের রাত নির্ঘুম কাটছে। অনেক ঘর তছনছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে। তাঁদের সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, হাতির পাল যখন ভারতীয় সীমান্ত এলাকায় হামলা চালায়, তখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে সার্চলাইট জ্বালিয়ে দেয়। লাইটের আলোতে হাতি সহজেই বাংলাদেশের গ্রামগুলোতে ঢুকে ফসল ও বাড়িঘর তছনছ শুরু করে।

নয়াপাড়া গ্রামের সুরুজ আলী বলেন, হাতির পাল যখন যে গ্রামে থাকে, তখন লোকজন কোনো খোলা মাঠ বা রাস্তায় অবস্থান নেন। গত বৃহস্পতিবার নয়াপাড়া থাকা অবস্থায় লোকজন কামালপুর-শেরপুর সড়ক অবস্থান নেন। এভাবে হাতির আতঙ্কে লোকজন রাতে নির্ঘুম অবস্থায় থাকছেন। সকালে হাতি চলে গেলে লোকজন আবারও যাঁর যাঁর ঘরে ফিরে যান।