আতঙ্কে ৪০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে কয়েক হাজার একরের ফসলি জমি ডুবে গেছে। বিলীন হচ্ছে টেকনাফ-শাহপরীর দ্বীপ পাকা সড়ক। এতে প্রায় ৪০ হাজার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে দেখা গেছে, ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পশ্চিমপাড়া, ডাঙ্গরপাড়া, দক্ষিণপাড়া, কাটাবুনিয়া ও নয়াপাড়ার শত শত ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। টেকনাফ-শাহপরীর দ্বীপ পাকা সড়কটি জোয়ারের পানিতে ডুবে থাকায় বাঁশের সাঁকো তৈরি করে লোকজনকে পারাপার করতে হচ্ছে। অনেকে নৌকায় চরে শাহপরীর দ্বীপে আসা-যাওয়া করছেন। স্থানীয় কলেজছাত্র জাকারিয়া আলফাজ জানায়, শাহপরীর দ্বীপে কোনো হাসপাতাল-ক্লিনিক নেই। তাই রোগীদের ১৫ কিলোমিটার দূরে টেকনাফ উপজেলা হাসপাতালে নিতে খুব কষ্ট হচ্ছে। ব্যাহত হচ্ছে বহু ছেলেমেয়ের লেখাপড়া। সড়ক যোগাযোগ গত দুই মাস ধরে বন্ধ থাকায় উৎপাদিত কোটি টাকার পান-সুপারি ও মাছ সরবরাহ করতে সমস্যা হচ্ছে। গত বুধবার সকালে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করে ভাঙা বেড়িবাঁধ ও সড়ক নির্মাণ করে প্রায় ৪০ হাজার মানুষের জীবন রক্ষার দাবি জানিয়েছে ‘শাহপরীর দ্বীপ রক্ষা ও উন্নয়ন পরিষদ’।উন্নয়ন পরিষদ সভাপতি জাহেদ হোসেন বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া অংশে আধা কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়েছিল। তখন জোয়ারের পানি প্রবেশ করে শাহপরীর দ্বীপের সাত হাজার একরের বেশি ফসলি জমি, চিংড়ি ঘের সাগরে বিলীন হয়েছে। এরপর থেকে গত ১৯ বছরে ওই ভাঙা বাঁধটি মেরামতের জন্য প্রায় ৮০ কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত স্থায়ী বেড়িবাঁধ তৈরি সম্ভব হয়নি। পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম বলেন, সর্বশেষ গত ২০ জুলাই সামুদ্রিক জলোচ্ছ্বাসে শাহপরীর দ্বীপের পশ্চিম অংশে আরও এক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, মাঝরপাড়া, ঘোলাপাড়া, বাজারপাড়া, জালিয়াপাড়াসহ ১০টি গ্রাম প্লাবিত হচ্ছে।সংবাদ সন্মেলনে বতৃতা করেন শাহপরীর দ্বীপ বিএনপির সভাপতি মো. ইসমাইল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহামঞ্চদ আলম, সংরক্ষিত ইউপি সদস্য সনজিদা বেগম প্রমুখ। ভাঙা সড়ক নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ভাঙা সড়ক সংস্কারের জন্য বরাদ্দ পেয়েছি। কিন্তু ভাঙা বেড়িবাঁধ মেরামত না হওয়ায় সড়কের কাজ করা যাচ্ছে না। এখন জোয়ারের ধাক্কায় বহু সড়ক ভেঙে যাচ্ছে।’ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মঈনুদ্দীন বলেন, জরুরিভিত্তিতে ভাঙা বাঁধ মেরামত করে জোয়ারের প্লাবন ঠেকানো হবে। তারপর জলবায়ু তহবিলের প্রায় ৩০ কোটি টাকায় দুই কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের প্রক্রিয়া চলছে।