আতঙ্কের ক্যাম্পাসে অন্ধকারের ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্ত হামলা চালিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে প্রগতিশীল শিক্ষকদের। বিভিন্ন সময়ে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনাও ঘটছে। সর্বশেষ অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার ঘটনায় এখন ক্যাম্পাসজুড়ে আতঙ্ক। এই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে বিদ্যুৎ বিভ্রাটের সময় ক্যাম্পাসের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ।

বিদ্যুৎ বিভ্রাটের সময় সড়কবাতিগুলোও নিভে যাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন পরিণত হয় অপরাধীদের স্বর্গরাজ্যে। শিক্ষক-শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে বিদ্যুৎ বিভ্রাট হলেও সড়কবাতির জন্য আলাদা লাইন করা হোক। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে সন্ধ্যার পর বিদ্যুৎ বিভ্রাট বন্ধে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে জরুরি চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ক্যাম্পাস সূত্র জানায়, ২৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত চারবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এ ছাড়া ছয় দিন ধরে দিনের বেলার পাশাপাশি রাতেও দুই থেকে চারবার করে লোডশেডিং হচ্ছে। ২৫ ও ২৬ এপ্রিল সন্ধ্যায় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, বিদ্যুৎ গেলে পুরো ক্যাম্পাস অন্ধকার হয়ে যায়। ক্যাম্পাসের প্যারিস রোড, বিনোদপুর থেকে স্টেশন বাজার, কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ইসমাঈল হোসেন সিরাজী ভবন ও কাজলা থেকে রহমতুন্নেসা হল পর্যন্ত সড়ক পুরোপুরি অন্ধকারে ঢেকে যায়। রাস্তার এক পাশ থেকে অপর পাশের কাউকে দেখাও কষ্টকর। প্রশাসনিক ভবন, আবাসিক হলগুলোর ফটক ও উপাচার্যের বাসভবনসহ কিছু জায়গায় আইপিএসের আলো থাকলেও তা সড়ক পর্যন্ত পৌঁছায় না। ফলে দুর্বৃত্তরা যেকোনো অপরাধ ঘটিয়ে অনায়াসে পালিয়ে যেতে পারে।

বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, সন্ধ্যার পর প্রায়ই ক্যাম্পাসে ছিনতাই হয়। এ জন্য প্রশাসন কিছু কিছু সড়কে বড় লাইট লাগানোর ব্যবস্থা করেছে। কিন্তু লোডশেডিংয়ের সময় সেই বাতিগুলো না জ্বলায় তা কোনো কাজে আসছে না। তাঁরা বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা না হওয়ায় ঘটনাগুলো আলোচনায় আসে না বা তার সংখ্যা জানা যায় না।

গত মঙ্গলবার ক্যাম্পাসে ঘুরতে এসেছিলেন ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী জসিম উদ্দিন। লোডশেডিং দেখে তিনি বলেন, একবার বিদ্যুৎ গেলে ক্যাম্পাসের যে অবস্থা হয় তাতে তো অপরাধীরা যেকোনো অপরাধ কর্মকাণ্ড করে অনায়াসে পালিয়ে যেতে পারবে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ২০১২ সালের ২১ নভেম্বর চোরাগোপ্তা হামলার শিকার হন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সহসভাপতি আখেরুজ্জামান তাকিম। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তাকিমের ওপর হামলার সময় ক্যাম্পাসে লোডশেডিং চলছিল। ২০১৩ সালের ২২ আগস্ট রাত ১০টার দিকে ক্যাম্পাসে অতর্কিত হামলা চালিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেনের হাত ও পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। তৌহিদের ওপর হামলার সময় ক্যাম্পাসে বিদ্যুৎ থাকলেও যে স্থানে হামলা চালানো হয়, সেখানে সড়কবাতি ছিল না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকা পশ্চিমপাড়ায় বসবাস করেন সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন। তিনি বলেন, বিদ্যুৎ গেলেই রাস্তার লাইটগুলো বন্ধ হয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে যা ভীতিকর। লাইটগুলোর জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা গেলে খুবই ভালো হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম ওবায়দুল ইসলাম বলেন, ‘আমরা সরাসরি পিডিবির কাছে থেকে একটি মাত্র সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে থাকি। ফলে যখন লোডশেডিং হয় তখন পুরো ক্যাম্পাসেই বিদ্যুৎ চলে যায়। আমাদের কিছু করার থাকে না। সড়কবাতির জন্য আলাদা ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি।’

উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, বর্তমান প্রেক্ষাপটে ক্যাম্পাসে যেন সন্ধ্যার পর লোডশেডিং করানো না হয়, সে জন্য জরুরি ভিত্তিতে ২৭ এপ্রিল পিডিবির কাছে চিঠি দেওয়া হয়েছে।