আতঙ্কের জনপদ নারায়ণগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়িচালক জাহাঙ্গীরের অন্তঃসত্ত্বা স্ত্রী শামসুন্নাহার আক্তার ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
গাড়িচালক জাহাঙ্গীরের অন্তঃসত্ত্বা স্ত্রী শামসুন্নাহার আক্তার ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

একের পর এক খুন আর অপহরণের ঘটনায় নারায়ণগঞ্জ হয়ে উঠেছে এখন আতঙ্কের জনপদ। সর্বশেষ বাংলাদেশ

মানচিত্র
মানচিত্র
শোকে পাথর নজরুল ইসলামের স্ত্রী ও দুই ছেলে l ছবি: সাহাদাত পারভেজ
শোকে পাথর নজরুল ইসলামের স্ত্রী ও দুই ছেলে l ছবি: সাহাদাত পারভেজ

পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণ করা হয়৷ এরপর সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে৷
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর মতে, ত্বকী হত্যার যথাযথ তদন্ত ও বিচার হলে সাত খুনের ঘটনা ঘটত না৷ তিনি বলেন, একের পর এক খুন হলেও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় নারায়ণগঞ্জে আজকের এই অবস্থার সৃষ্টি হয়েছে৷
একসময়ের ব্যবসা-বাণিজ্যের শহর, বিশেষ করে পাট ও সুতা, হোসিয়ারি সামগ্রীর জন্য সারা দেশে সুপরিচিত নারায়ণগঞ্জে এখন অপহরণ, গুম, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নদীদখল, ভূমিদস্যুতা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় রাজনীতিক ও জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীর ঘেঁষে ব্রিটিশ আমলে গড়ে ওঠা নারায়ণগঞ্জ শহরে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় সন্ত্রাসের শুরু এরশাদ সরকারের আমলে৷ তখন নাসিম ওসমান জাতীয় যুব সংহতিতে যোগ দিয়ে তরুণ-যুবকদের নিয়ে একটি বাহিনী গঠন করেন। পাশাপাশি তার ছোট ভাই তৎকালীন তোলারাম কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) শামীম ওসমানও নিজস্ব ক্যাডার বাহিনী গড়ে তোলেন। ভোটকেন্দ্র দখল করে নাসিম ওসমান ১৯৮৬ সালে সাংসদ নির্বাচিত হন৷ তখন স্থানীয় রাজনীতিতে নাসিম ওসমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন এরশাদের মন্ত্রী আবদুস সাত্তার। ১৯৮৮ সালের জুলাই মাসে ঈদুল আজহার আগের রাতে চাষাঢ়ার দুই মহল্লায় তরুণদের সংঘর্ষে খুন হয় দুই যুবক।

শোকে পাথর তাজুলের হতদরিদ্র বাবা–মা
শোকে পাথর তাজুলের হতদরিদ্র বাবা–মা
বাবার কবিতার বই নেড়ে দেখছেন চন্দন সরকারের বড় মেয়ে সেঁজুতি সরকার
বাবার কবিতার বই নেড়ে দেখছেন চন্দন সরকারের বড় মেয়ে সেঁজুতি সরকার

১৯৯১-৯৬ সালে বিএনপির প্রথম দফা শাসনামলে বিভিন্ন পাড়া-মহল্লায় বিএনপির তখনকার স্থানীয় নেতাদের ছত্রচ্ছায়ায় ছোট ছোট বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ গড়ে ওঠে। ওই পাঁচ বছরে শহরের চাষাঢ়া গ্রুপ (শামীম ওসমানের নিয়ন্ত্রিত) ও মিশনপাড়া গ্রুপের (বিএনপি নিয়ন্ত্রিত) সংঘাতে ২০ জন খুন হয়। এ ছাড়া আওয়ামী লীগে শামীম ওসমান ও নাজমা রহমানের সমর্থিত দুই গ্রুপের দ্বন্দ্বে খুন হন তিনজন। ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ শাসনামলে শামীম ওসমান সাংসদ থাকাকালে নারায়ণগঞ্জ সারা দেশে সন্ত্রাসের জনপদ হিসেবে প্রথম ব্যাপক পরিচিতি পায়। ওই সময় শামীম ওসমান নারায়ণগঞ্জের রাজনীতি, প্রশাসন ও অপরাধ জগৎসহ সবকিছুর ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন৷ পৌরসভা, এলজিইডি, জেলা পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত, সওজ, পিডিবি, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরের দরপত্র, পরিবহনব্যবসা, চোরাই তেল, অবৈধ বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করত শামীম ওসমানের ক্যাডাররা৷
শামীম ওসমানের ভাতিজা (নাসিম ওসমানের ছেলে) আজমেরী ওসমানের নেতৃত্বে গড়ে ওঠে ভয়ংকর এক ক্যাডার বাহিনী৷ আজমেরী ও তাঁর বাহিনীর বিরুদ্ধে বেশ কটি খুনের অভিযোগ রয়েছে৷ তাঁর বিভিন্ন টর্চার সেলে ব্যবসায়ীসহ প্রতিপক্ষের লোকজন ধরে এনে নির্মম নির্যাতন চালানোর ঘটনা এ জেলার কারও অজানা নয়৷
২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনের রাতেই সপরিবারে দেশ ছেড়ে পালান শামীম ওসমান। এরপর এখানে শুরু হয় বিএনপির রাজত্ব। বিএনপির ক্যাডাররা যখন জনজীবন অতিষ্ঠ করে তুলেছিল, তখন শুরু হয় সেনাবাহিনীর অপারেশন ক্লিন হার্ট। এই অভিযানে বিএনপির অনেক ক্যাডার যৌথ বাহিনীর হাতে শায়েস্তা হয়। অপারেশন ক্লিন হার্ট শেষ হওয়ার পরপরই খুন হন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের ছোট ভাই নারায়ণগঞ্জ চেম্বার ও বিকেএমইএ সহসভাপতি সাব্বির আলম খন্দকার। তখন তৈমুর বাদী হয়ে তৎকালীন বিএনপির এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, ছাত্রদল নেতা জাকির খানকে আসামি করে মামলা করেন। বিএনপির শাসনামলের শেষ দুই বছর নারায়ণগঞ্জ মোটামুটি শান্ত ছিল।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পর র্যাবের নারায়ণগঞ্জ ক্যাম্প অফিসে জেলার ৪০ জন দুর্ধর্ষ সন্ত্রাসীর তালিকা ছবিসহ টাঙানো হয়। তালিকার ১ নম্বরে ছিল শামীম ওসমান ও ২ নম্বরে আজমেরী ওসমানের নাম৷ ২০০৯ সালের ৫ জানুয়ারি

লিটনের নির্বাক বাবা ও বোন
লিটনের নির্বাক বাবা ও বোন

শামীম ওসমান দেশে ফেরার পরও ছয় মাস এই তালিকা ঝোলানো ছিল। পরে রাজনৈতিক চাপে তা নামিয়ে ফেলা হয়।
শামীম ওসমান দেশে ফিরে আবার প্রশাসন, ব্যবসা-বাণিজ্য সবকিছুর নিয়ন্ত্রণ নিতে শুরু করেন। তাঁর ভাতিজা আজমেরী ওসমান

দুই কন্যাসন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বপনের স্ত্রী
দুই কন্যাসন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বপনের স্ত্রী

বিভিন্ন পাড়া-মহল্লায় সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। ব্যবসায়ী আশিক ইসলাম, বুলু সাহা, সংস্কৃতিকর্মী দিদারুল আলম (চঞ্চল), ছাত্রলীগ কর্মী মিঠু, মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যায়ও উঠে আসে আজমেরী ওসমানের নাম। ত্বকী হত্যার পরে নারায়ণগঞ্জে ওসমান পরিবারবিরোধী নাগরিক আন্দোলন গড়ে ওঠে, যা এখনো অব্যাহত আছে।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, ত্বকী হত্যা মামলা তদন্তকারী সংস্থার তদন্তের ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, শামীম ওসমানের নির্দেশে আজমেরী ও অয়ন ওসমান ত্বকীকে খুন করেছে। ১ বছরের বেিশ সময় পেরিয়ে গেলেও ত্বকী হত্যার অভিযোগপত্র দেওয়া হচ্ছে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হিসাব অনুযায়ী, ২০১৩ সালে জানুয়ারি থেকে চলতি বছরের ১০ মে পর্যন্ত নারায়ণগঞ্জে শতাধিক ব্যক্তি খুন হন৷
জানতে চাইলে নারায়ণগঞ্জে সদ্য নিযুক্ত পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, নারায়ণগঞ্জে মানুষ এখন আতঙ্কে আছে। তবে মানুষ যেন শান্তি ও স্বস্তিতে থাকতে পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে৷