আতঙ্কের নগরে সন্ত্রস্ত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মানিকনগর মোড়ে গতকাল সকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের লাঠিমিছিল ।  ছবি: প্রথম আলো
রাজধানীর মানিকনগর মোড়ে গতকাল সকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের লাঠিমিছিল । ছবি: প্রথম আলো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের তত্ত্বাবধায়ক মো. নূর-এ-আলমের বাসা রাজধানীর উত্তরখানে। বাসে চড়েই দৈনিক যাওয়া-আসা তাঁর। তবে গতকাল রোববারের ঘটনা ছিল ব্যতিক্রম। নূর-এ-আলম বাসা থেকে হেঁটে আসেন আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে। ৩০ টাকা ভাড়া দিয়ে ব্যাটারিচালিত রিকশায় পৌঁছান বিমানবন্দরে। এরপর ভ্যানে চড়ে খিলক্ষেতে। গুনতে হয় ৫০ টাকা। খিলক্ষেত থেকে আরও ৫০ টাকা ভাড়া দিয়ে অটোরিকশায় আসেন মহাখালী পর্যন্ত। উঠে পড়েন রিকশায়। রিকশাওয়ালা নামিয়ে দেন ফার্মগেট, নেন ৫০ টাকা। এরপর আর কোনো যানবাহন না পেয়ে হেঁটে পৌঁছান শাহবাগের কর্মস্থলে।

নূর-এ-আলম বলেন, ‘একগাদা টাকা গেছে। হাঁটতেও হয়েছে। আবার তল্লাশিরও মুখোমুখি হতে হয়েছে।’ তিনি আরও বললেন, ‘বিশ্ববিদ্যালয়ে বড় দায়িত্ব পালন করতে হয়। কষ্ট হলেও না এসে উপায় নেই।’

নূর-এ-আলম কাজে এলেও অনেকেই অনুপস্থিত ছিলেন। দুই বিভাগের দুজন চিকিৎসককে খোঁজ করে পাওয়া যায়নি। তাঁদের একজন থাকেন উত্তরায়, অন্যজন সাভারে। তাঁরা ছুটিও নেননি। তাঁদের সহকর্মীরা বলেছেন, পথের ঝামেলা এড়াতেই তাঁরা অনুপস্থিত।

বিরোধী দলের ডাকা ‘গণতন্ত্র অভিযাত্রা’ বানচাল করার জন্য সরকারের নির্দেশে রাজধানীতে গণপরিবহন ব্যবস্থা বন্ধ রাখা হয়। মানুষের মনে ছিল আতঙ্ক। বেশির ভাগ সড়ক ছিল ফাঁকা। চাকরি বা জরুরি কাজ ছাড়া মানুষ ঘর থেকে বের হয়নি। শিশুদের রাস্তায় কম দেখা গেছে। বিভিন্ন সড়কে ছিল লাঠি-পতাকা হাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি।

বেলা দুইটার দিকে বায়তুল মোকাররম এলাকার সব দোকানপাট বন্ধ দেখা যায়। মতিঝিল এলাকায়ও ছিল অভিন্ন চিত্র। ছোটখাটো সব দোকান বন্ধ করে দেয় পুলিশ। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একজন কর্মকর্তা বলেন, ‘আমরা চা খেতে নিচে নেমেছিলাম। কিন্তু পুলিশ আমাদের দাঁড়াতেই দেয়নি।’

এই কর্মকর্তার অধীন একজন অফিস সহকারী ও উচ্চমান সহকারী গতকাল কাজে আসতে পারেননি। একজনের বাসা গাজীপুরে, অন্যজনের নারায়ণগঞ্জে।

বুড়িগঙ্গা নদীতে নৌকা চলাচলে বাধা দেন পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। কেরানীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে প্রায় ১০০টি খেয়াঘাট রয়েছে।

নগরের জীবনচিত্র। রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর প্রধান সড়ক থেকে গতকাল দুপুরে তোলা। ছবি প্রথম আলো
নগরের জীবনচিত্র। রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর প্রধান সড়ক থেকে গতকাল দুপুরে তোলা। ছবি প্রথম আলো

এসব ঘাটে সহস্রাধিক মাঝি ও নৌকা রয়েছে। পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বাধার কারণে নৌকা চলাচল বন্ধ রাখেন মাঝিরা। সদরঘাট খেয়াঘাটের মাঝি মোহাম্মদ হোসেন বলেন, ‘পেটের তাগিদে নৌকা নিয়ে বের হয়েছিলাম, কিন্তু নৌকা চালাতে পারিনি। পুলিশ আমার বৈঠা কেড়ে নিয়েছে।’

সদরঘাট লঞ্চ টার্মিনালে গোপীবাগ এলাকার বাসিন্দা মহসিন বলেন, ‘গতকাল রাতে আমার দাদি মারা গেছে। আমরা গ্রামের বাড়ি (চাঁদপুরের কচুয়ায়) যাব বলে টার্মিনালে এসেছি। এখানে এসে দেখি টার্মিনালে লঞ্চ নেই। এখন যদি যেতে না পারি, তবে শেষবারের মতো দাদির মুখটি দেখতে পারব না।’

আশঙ্কার কারণে অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কাজে আসা থেকে বিরত থাকতে বলেছেন। নর্দ্দায় থাকেন একজন প্রকৌশলী। চাকরি করেন গুলশান-২-এ একটি জার্মান প্রতিষ্ঠানে। কর্তৃপক্ষ বলেছে ঝুঁকি নিয়ে কাজে আসার দরকার নেই। জরুরি কাজ ই-মেইলে পাঠাতে বলেছে। অন্যদিকে মিরপুরে পরিবেশ নিয়ে কাজ করেন, এমন একটি এনজিওর নির্বাহী পরিচালক জানিয়েছেন, নিরাপত্তার কারণে নারী কর্মচারী-কর্মকর্তাদের কাজে আসতে তিনি নিষেধ করেছেন।

বেলা তিনটায় মতিঝিল শাপলা চত্বরে কথা হয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এ কে এম সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি রাস্তায় অপেক্ষা করছিলেন দুই সহকর্মীর জন্য। তাঁরা একসঙ্গে মিরপুরে ফিরবেন। অটোরিকশা ভাড়া ভাগাভাগি করবেন। ‘এত আগে অফিস ছাড়ছেন কেন?’ এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘সন্ধ্যার সময় রাস্তায় অনেক ঝুঁকি। যত আগে যাওয়া যায়, তত নিরাপদ।’