আতঙ্কের নাম লিংক রোড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দৈর্ঘ্য মাত্র আট কিলোমিটার। এটুকু পথই আতঙ্কে রূপ নিয়েছে। প্রকাশ্যে জনপ্রতিনিধি, ব্যবসায়ীদের অপহরণ ও প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। রাস্তার পাশে পাওয়া যায় লাশ।

সর্বশেষ গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ-সমর্থক নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগীকে প্রাইভেট কারসহ অপহরণ করা হয়। এর আগে ১৬ এপ্রিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী হামিদ ফ্যাশনসের নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিককে লিংক রোডের ভূঁইগড় এলাকা থেকে অপহরণ করা হয়। ৩৫ ঘণ্টা পর ছাড়া পান আবু বকর। ১০ দিনেও পুলিশ অপহরণকারীদের চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি।

আবু বকরকে অপহরণের কয়েক ঘণ্টা আগে সকালে লিংক রোডের জালকুঁড়ি (প্রায় দেড় কিলোমিটার দূরে) এলাকা থেকে মুন্সিগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী হাদিস আলীর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, অন্য কোথাও হাদিস আলীকে হত্যার পর লাশ সেখানে ফেলে গেছে ঘাতকেরা।

এর আগে ১৪ এপ্রিল বিকেলে জালকুঁড়ি থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। গত ২৫ জানুয়ারি জালকুঁড়ির একটি ডোবা থেকে পোশাকশ্রমিক তরিকুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন।

অনুসন্ধানে জানা যায়, নগরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় রাইফেল ক্লাব থেকে শুরু হয়ে লিংক রোড সাইনবোর্ড মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিলেছে। গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যানবাহনের চাপও বেশি। আট কিলোমিটারের মধ্যে শিবু মার্কেট থেকে সাইনবোর্ড মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার অংশে অপরাধপ্রবণতা বেশি। এ ছাড়া, রাইফেল ক্লাব মোড় থেকে শিবু মার্কেট পর্যন্ত অংশে মাউরাপট্টি, জেলা পরিষদ অফিস, জেলা কারাগারের সামনের রাস্তায় রাতে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পথচারী, রিকশা আরোহীরাই বেশির ভাগ ক্ষেত্রে ছিনতাইয়ের শিকার হন।

লিংক রোডে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় রাত নয়টার পর ছিনতাইয়ের ভয়ে সাধারণ মানুষ একা পথ চলতে সাহস পান না। বেশির ভাগ ছিনতাইয়ের ঘটনার শিকার ব্যক্তিরা ঝামেলা এড়াতে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন না।

সড়ক ও জনপথ অধিদপ্তর নির্মিত লিংক রোডের দুই পাশে কোনো ফুটপাত নেই। নেই কোনো সড়কবাতি। তবে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে ছিনতাইকারীদের দৌরাত্ম্য ঠেকাতে সড়কবাতি লাগানো হয়েছে।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, লিংক রোডে ছিনতাই ও লাশ উদ্ধারের ঘটনা বেড়ে যাওয়ায় যাত্রী ও পথচারীদের মধ্যে নিরাপত্তার সংকট তৈরি হয়েছে। লিংক রোডের আশপাশে বসবাসকারী নাগরিকেরাও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত লিংক রোডে কারা অপহরণ করছে, লাশ ফেলছে, ছিনতাই করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, লিংক রোডে পুলিশের নিয়মিত টহল ও তল্লাশিচৌকি রয়েছে। কিন্তু অপরাধীরা পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করেই অপরাধ করে। আর ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে অপহরণের ঘটনা পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।