আতঙ্কের নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

ভোট দিতে পারছেন না রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ভোট দিতে পারবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দেওয়ার সুযোগ নেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের। ভোটবঞ্চিত খোদ ১৫৩ জন ‘সাংসদ’ও। আর অন্তত এবারের জন্য ভোটাধিকার হারিয়েছেন চার কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩৯ জন ভোটার। বাকি যাঁদের ভোট দেওয়ার সুযোগ আছে, তাঁরা আছেন চরম আতঙ্কে। তবু আজ নির্বাচন।
আছে আরেকটি চিত্র। প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘কার্যত গৃহবন্দী’। নতুন সংসদের সম্ভাব্য বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ‘দৃশ্যত আটক’। জামায়াত-বিএনপির দীর্ঘ সহিংসতা-নৃশংসতায় পুরো দেশ বিপর্যস্ত। গণতন্ত্রের মূল শক্তি ভোটাররা অবরুদ্ধ-আতঙ্কিত।
এই অবস্থায় গণতন্ত্রের স্বার্থে একতরফা নির্বাচন না করার দেশি-বিদেশি সব আহ্বান-উদ্যোগ উপেক্ষা করে শেষ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন করছে গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের ঐতিহ্যধারী আওয়ামী লীগ। আজ রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হবে দশম জাতীয় সংসদ নির্বাচনের।
রাষ্ট্রপতি কিশোরগঞ্জ-৪ আসনে ভোটার। শেখ হাসিনা ঢাকা-১০ আসনের ভোটার। ঢাকা-১১ আসনের ভোটার সিইসি। তাঁদের তিনজনের আসনের প্রার্থীসহ ১৫৩ জন প্রার্থী ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এর মধ্যে সাবেক ও বর্তমান মন্ত্রী ১৯ জন, প্রতিমন্ত্রী চারজন। বিনা প্রতিদ্বন্দ্বিতার খাতায় নাম তুলেছেন সংসদ উপনেতা ও চিফ হুইপ। ফলে ১৫৩ আসনের চার কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩৯ জন ভোটার আজ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হচ্ছেন।
বাকি ১৪৭টি আসনে আজ চার কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন ভোটারের ভোট দেওয়ার সুযোগ আছে। ১২টি দলের ৩৯০ জন প্রার্থী এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৫৫টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে দলের বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬০ জেলায় অনুষ্ঠেয় এই নির্বাচন ঘিরে চিরাচরিত উৎসাহ-উৎসবের আমেজ নেই। আছে ভোটারদের মধ্যে আতঙ্ক, নিরাপত্তার শঙ্কা। আছে জামায়াত-বিএনপির নাশকতা, আরও নাশকতার শঙ্কা। গত শুক্রবার রাত থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত সারা দেশে ১১১টি ভোটকেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এর সব কটিই শিক্ষাপ্রতিষ্ঠান। শুধু গতকাল সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ৭০টি কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম ছিনতাই হয়েছে। কিছু জায়গায় কর্মকর্তারা কেন্দ্র ছেড়ে আশপাশে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
এর আগে এ ধরনের একতরফা নির্বাচন হয়েছিল ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি। নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ, জামায়াতসহ প্রধান বিরোধী দলগুলোর বর্জনের মুখে বিএনপির করা ওই নির্বাচনে গঠিত সংসদ মাত্র মাস দেড়েক স্থায়ী হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের আইন পাস করে সেই সংসদ শেষ হয়। সেই নির্বাচনে ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ৪৯ জন প্রার্থী। এবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য দুটি আসনে জাপার প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৭ বছর পর এবার বিএনপি-জামায়াত নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচন বর্জনের পাশাপাশি প্রতিহত করার চেষ্টা করছে। সেই চেষ্টা অতীতের সব নাশকতার রেকর্ডকে ইতিমধ্যেই ম্লান করে দিয়েছে। ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনের আগের দুই সপ্তাহে সহিংসতায় ২৮ জন নিহত হয়েছিলেন। এবার নির্বাচনের তফসিল  ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত নিহত হয়েছেন ১২৩ জন।
এরশাদের ১৯৮৮ সালের একতরফা নির্বাচনের আট বছরের মাথায় আবার ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচন দেখল বাংলাদেশ। ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বহু এলাকায় ভোটকেন্দ্র খোলাই হয়নি, ব্যালটবাক্স পৌঁছায়নি, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা যাননি। অস্বাভাবিক হারে ভোট পড়ায় খালেদা জিয়া ও সাত মন্ত্রীর আসনসহ ৩৮ আসনের ফলাফল স্থগিত করতে হয়। পুনর্নির্বাচন করতে হয় ৯৭টি আসনে। যদিও দুদিন পর আকস্মিকভাবে ৩৮ আসনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
জামায়াত-বিএনপির সহিংসতার কারণে এবার নির্বাচন কমিশন ১৯টি জেলার ৭০ থেকে ৮০টি আসনকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করছে। তবে পুলিশ প্রশাসন ঢাকার অর্ধেক এবং সারা দেশের প্রায় দুই-তৃতীয়াংশ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
এবার ভোটাররা যেমন নিরাপত্তার অভাব বোধ করছেন, তেমনি নিরাপত্তা-শঙ্কায় আছেন প্রার্থী ও নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারাও। নিরাপত্তার ঝুঁকিতে আছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। শুক্রবার গাইবান্ধার পলাশবাড়ীতে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে ভয়ংকর হামলার শিকার হয়েছে পুলিশ। গত রাতে নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা হয়েছে একই জেলার সাদুল্যাপুর উপজেলায়। যশোরের মনিরামপুরে পুলিশ ও আনসার সদস্যদের ওপর পেট্রলবোমা হামলায় সাতজন দগ্ধ হয়েছেন।
নিরাপত্তার শঙ্কা থাকায় জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়নসহ পশ্চিমা নির্বাচন পর্যবেক্ষকেরা আসবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। গতকাল পর্যন্ত দেশি পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৫ জন এবং বিদেশি পর্যবেক্ষক মাত্র চারজন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে দেশি ও বিদেশি মিলিয়ে পর্যবেক্ষক ছিলেন এক লাখ ৬০ হাজার। বিদেশি পর্যবেক্ষক ছিলেন ৫৮৫ জন।
আজ ভোট হওয়া ১৪৭ আসনের মধ্যে আওয়ামী লীগ ১২০টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। জাতীয় পার্টি ৬৬, জাতীয় পার্টি (জেপি) ২৭, জাসদ ২১ ও ওয়ার্কার্স পার্টি ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যান্য দলের প্রার্থীর সংখ্যা এক অঙ্কের ঘরে। স্বতন্ত্র প্রার্থী ১০৪ জন।
আজকের একতরফা ভোট দেশের নির্বাচনের ইতিহাসে যেন একটি নেতিবাচক বৃত্ত পূরণ করতে যাচ্ছে। এর মাধ্যমে এরশাদ, খালেদা জিয়ার পর একই খাতায় নাম তুলতে যাচ্ছেন শেখ হাসিনাও।
দীর্ঘ সামরিক স্বৈরশাসনের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনের মাধ্যমে বিএনপি ও আওয়ামী লীগের হাত ধরে গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু হয়েছিল, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে তা বড় ধরনের হোঁচট খায়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন পরিচালনা করে নির্বিঘ্নে ১০ বছর পার করার পর ২০০৬ সালে আবারও হোঁচট খায় গণতন্ত্র। এবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে বিরোধের মুখে আবারও বিএনপি ২০০৭ সালের ২২ জানুয়ারি একটি একতরফা নির্বাচন আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করে।
কিন্তু এক-এগারোর পটপরিবর্তনে তাদের সেই চেষ্টা ভেস্তে যায়। ফলে অংশগ্রহণমূলক উৎসবমুখর এক নির্বাচনের মাধ্যমে দুই বছরের সেনাসমর্থিত অস্বাভাবিক সরকার পেরিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে বাংলাদেশ। কিন্তু এবার উচ্চ আদালতের রায়ের সূত্রে নিজেদের আন্দোলনের ফসল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাই সংবিধান থেকে ছেঁটে ফেলে আওয়ামী লীগ। সেখান থেকে শুরু হয় নির্বাচনকালীন সরকারের নতুন সংকট।
আজকের একতরফা নির্বাচনে সেই সংকট দূর হবে, নাকি গণতন্ত্র থেকেই দূরে সরে যাবে বাংলাদেশ—সেই আলোচনা এখন প্রকাশ্য।
জানতে চাইলে আকবর আলি খান গত রাতে প্রথম আলোকে বলেন, এই নির্বাচন গণতন্ত্রের জন্য ইতিবাচক কি নেতিবাচক, তা বিবেচনার আগে সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি দেখতে হবে। ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন করতেই হবে। আবার গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে বলতে হয়, ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছেন। নির্বাচনে জনগণের আগ্রহ নেই। এটা গণতন্ত্রের জন্য বাজে দৃষ্টান্ত। তাই সরকারের উচিত হবে এই নির্বাচনের পর দ্রুত সব দলের অংশগ্রহণে আরেকটি নির্বাচনের আয়োজন করা। তা না হলে দেশ আরও ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে।