আতঙ্কের ভেতর ফটিকছড়িতে আ.লীগের প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতঙ্ক আর ভয়ার্ত পরিবেশে গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ির ভুজপুরে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। ১১ এপ্রিল হরতালবিরোধী শোভাযাত্রায় বিএনপি, জামায়াত ও হেফাজতে ইসলামের হামলায় তিনজন খুন ও তিন শতাধিক নেতা-কর্মীকে আহত করার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ এই সমাবেশ করে।সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে আওয়ামী লীগের কর্মীরা কাজিরহাটে চারটি বাড়ির খড়ের গাদায় আগুন দেন। আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, ১১ এপ্রিল এসব বাড়িতে আশ্রয় নিলে আওয়ামী লীগের কর্মীদের বাড়ির লোকজন এমনকি নারীরাও দা দিয়ে কুপিয়েছিলেন।সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আওয়ামী লীগের ভুল থাকতে পারে, কিন্তু তাই বলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের জবাই করে কিংবা কুপিয়ে খুন করার অধিকার কারও নেই। তিনি বলেন, ‘মসজিদে মাইক দিয়ে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা হয়, সেই মসজিদের মাইক ব্যবহার করা হলো মুসলমানদের খুন করতে। এটা কোন ধরনের ইসলাম আমি মসজিদের ইমাম ও মুরব্বিদের কাছে জানতে চাই।’মোহাম্মদ নাসিম বলেন, ‘খালেদা জিয়া ও বিএনপির কিছু নেতা বলছেন, আবার নাকি ফটিকছড়ির পুনরাবৃত্তি হবে। কোনো সুস্থ মানুষ এ ধরনের কথা বলতে পারে না।’ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, এ টি এম পেয়ারুল ইসলাম, হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য খাদিজাতুল আনোয়ার প্রমুখ।