আতঙ্কের শহর বগুড়ায় এক মাসে পাঁচ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহর ও শহরের উপকণ্ঠে গত এক মাসে ক্ষমতাসীন দলের তিনজন নেতাসহ পাঁচজন খুন হয়েছেন। এ ছাড়া থানায় ককটেল নিক্ষেপ, থানার অদূরে ডাকাতি ও ছিনতাই এবং রাজনৈতিক সহিংসতার ঘটনায় শহরের মানুষ এখন উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।অবশ্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছকির উদ্দিন দাবি করেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য সময়ের চেয়ে ভালো। আর গত কয়েক দিনে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইয়ের কোনো ঘটনা পুলিশের জানা নেই বলে তিনি দাবি করেন তিনি।পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক সম্প্রতি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শহরবাসীর উদ্বেগের কথা স্বীকার করে জানান, সদর থানার পুলিশের ব্যর্থতার কারণে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে। এ জন্য ওই থানার ওসিকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ ডিসেম্বর রাতে সদর থানার অদূরে দত্তবাড়ির শতাব্দী ফিলিং স্টেশনে ডাকাতরা হানা দিয়ে দুই লক্ষাধিক টাকা লুট করে। ২২ ডিসেম্বর ভোরে শহরের নারুলী পোস্ট অফিস-সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুস সালামকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালায়।১৭ ডিসেম্বর দিনদুপুরে শহরের রহমাননগর জব্বার ক্লাবসংলগ্ন এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খায়রুল আনাম। ওই দিন রাতে পুলিশ পরিচয়ে ধানবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে শহরের উপকণ্ঠ গোদারপাড়া এলাকায়। ১৯ ডিসেম্বর সন্ধ্যায় শহরের উপকণ্ঠ ফুলতলা চককানপাড়া এলাকায় সন্ত্রাসীদের হাতে খুন হন যুবলীগের স্থানীয় কর্মী শামিম হোসেন।৬ ডিসেম্বর রাতে শহরের পুরান বগুড়া এলাকা থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়। ৯ ডিসেম্বর সকালে পুরান বগুড়া তিনমাথা রেলগেটসংলগ্ন এলাকা থেকে শহরতলীর চান্দাইকোনা গ্রামের রেজাউল ইসলামের লাশ উদ্ধার হয়।২৯ নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে শহরের খান্দার এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন শহর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুজানুর রহমান। এর জের ধরে ৫ ডিসেম্বর শহরের স্টেশন রোডের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় ফল ব্যবসায়ী মতিয়ার রহমান গুরুতর আহত হন। এ ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।নাম প্রকাশ না করার শর্তে শহরের নিউমার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, থানাসংলগ্ন নিউমার্কেটের ফটকে প্রায় প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কিন্তু ঝামেলা এড়াতে কেউ পুলিশের কাছে অভিযোগ করছে না।১১ ডিসেম্বর হরতাল চলাকালীন সদর থানায় কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। ওই দিন সদর থানাধীন ফুলবাড়ি পুলিশ ফাঁড়িতে চোরাগোপ্তা হামলায় পুলিশের একজন সদস্য আহত হন। এ ছাড়া গত দুই সপ্তাহে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে শহরতলীর নওদাপাড়া এলাকায় অ্যাম্বুলেন্স পোড়ানো, পুলিশের মোটরসাইলেবাহী ট্রাকে আগুন এবং পণ্যবোঝাই দুটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।বগুড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পরিমল চন্দ্র জানান, শহরের চিহ্নিত সন্ত্রাসীরা হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের দমন করতে হলে আগে শহরের মাদকের আস্তানাগুলো গুঁড়িয়ে দিতে হবে। সন্ত্রাস বেড়ে যাওয়ার মূল কারণ মাদক, জমিদখল আর আধিপত্য বিস্তার।বগুড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম জানান, এই মুহূর্তে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। একের পর এক খুন-ডাকাতির ঘটনায় শহরবাসী এখন শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে।