আতঙ্কের হরতাল শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ককটেল, আগুন, আচমকা ভাঙচুর— এই তিন আতঙ্ক নিয়ে চলছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৮৪ ঘণ্টা হরতাল। পাশাপাশি অব্যাহত আছে মিছিল-পিকেটিংয়ে পুলিশি বাধা। আজ বুধবার সন্ধ্যা ছয়টায় এই হরতাল শেষ হচ্ছে।

টানা এই হরতালে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও সড়কপথে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ আছে। এতে দেশের এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি পণ্য পরিবহনব্যবস্থা ভেঙে পড়েছে। তবে রাজধানীসহ সব মহানগর ও জেলা শহরগুলোতে রিকশা, অটোরিকশা চলাচল প্রায় স্বাভাবিক আছে। ঢাকা শহরের মধ্যে গতকালও প্রচুর বাস চলাচল করেছে। ব্যক্তিগত গাড়ি চলেছে হাতে গোনা।

রাজধানীসহ সারা দেশে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা ছিল। তবে উপস্থিতি ছিল কম। খোলা ছিল স্কুল-কলেজও। তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না। বেশ কয়েকটি জেলায় দুপুরের পর বেশ কিছু দোকানপাট খুলেছে বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন।

হরতালের তৃতীয় দিনে গতকাল বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে বাসে আগুন দিলে এক প্রতিবন্ধীসহ আটজন পুড়ে গুরুতর আহত হয়েছেন। খুলনায় খেলার মাঠে পড়ে থাকা বোমা বিস্ফোরণে আহত হয়েছে দুই স্কুলছাত্র। এ নিয়ে গত ২৬ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত ৭৩ জন দগ্ধ হয়েছেন। এঁদের মধ্যে মারা গেছেন দুজন।

গতকাল ৩০টি জেলা, উপজেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিরা গত ২৪ ঘণ্টার হরতালের যেসব খবর পাঠিয়েছেন, তাতে দেখা যায়, সাতটি জায়গায় হরতাল আহ্বানকারীদের সঙ্গে সরকারি দলের কর্মী ও পুলিশের ছোট-বড় সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশত আহত হয়েছেন। ককটেল বিস্ফোরণ ঘটেছে প্রায় ১০টি স্থানে। যানবাহন ভাঙচুর হয়েছে শ খানেক। হামলার ঘটনা ঘটেছে দুটি। ফেনীতে রাতের বেলায় আগুন দেওয়া হয়েছে একটি বাস ও একটি ট্রাকে।

প্রায় বেশির ভাগ জায়গায় সকালের দিকে হরতালের সমর্থনে মিছিল হয়েছে। তবে সারা দিনে রাস্তায় পিকেটিং তেমন দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মারমুখী অবস্থান এর একটি কারণ বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। ঢাকায় পুলিশ সদর দপ্তরের সূত্র জানিয়েছে, গত তিন দিনে সারা দেশ প্রায় আড়াই শ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা: গতকাল মিরপুর ১১ নম্বরে দুটি ট্যাক্সিক্যাবে ও মিরপুর ১২ নম্বরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবী থানার ভ্রাম্যমাণ পরিদর্শক সালাউদ্দিন জানান, ভোররাত তিনটা থেকে চারটার দিকে অ্যাভিনিউ ৫-এ দাঁড়িয়ে থাকা দুটি ট্যাক্সিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ভোর চারটার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনে সিরামিক কারখানার সামনে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

হরতালের তৃতীয় দিন মহাখালী, গাবতলীসহ রাজধানীর আন্তজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে রাজধানীর ভেতরে বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, কিছু প্রাইভেট কার চলাচল করেছে।
টঙ্গীতে সকাল সাড়ে সাতটার দিকে হরতাল-সমর্থনকারীরা চেরাগ আলী মার্কেট এলাকায় পিকেটিংয়ে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করেন।

এ সময় ১০-১২টি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। পুলিশ পাঁচ-ছয়টি রাবার বুলেট নিক্ষেপ করে। এতে টঙ্গী থানা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক গাজী সালাউদ্দিনসহ পাঁচ-ছয়জন আহত হয়। ঘটনাস্থল থেকে ৫৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী সোহেলকে গ্রেপ্তার করা হয়। সোহেলের নামে সাতটি মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


চট্টগ্রাম: নগরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। তবে কয়েকটি স্থানে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
নগরের অক্সিজেন, ষোলশহর দুই নম্বর গেট, মুরাদপুর, প্রবর্তক মোড়, গোলপাহাড় মোড়, কাজীর দেউড়ি, কোতোয়ালি মোড়সহ কয়েকটি স্থান ঘুরে দেখা গেছে, সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও রিকশা চলাচল করেছে স্বাভাবিকভাবে। তবে কোনো যাত্রীবাহী বাস দেখা যায়নি। দোকানপাট খোলা থাকলেও বড় মার্কেটগুলো বন্ধ ছিল।

বেলা সাড়ে ১১টায় হালিশহর বড়পোল এলাকায় হরতাল-সমর্থনকারীরা রাস্তায় ব্যারিকেড ও গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারেন তারা। পরে পুলিশ চারজনকে আটক করে।

ককটেল হামলা: ঢাকার যাত্রাবাড়ীতে সকাল সোয়া সাতটায় কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটান হরতাল-সমর্থনকারীরা। পুলিশের ওয়ারী জোনের অতিরিক্ত উপকমিশনার মিনহাজুল ইসলাম জানান, বিবিরবাগিচা এলাকায় শিবিরের ১০-১২ জন কর্মী চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডের কাছে সকাল সাড়ে সাতটার দিকে কে বা কারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সকাল ১০টার দিকে সরকারি কবি নজরুল কলেজের পেছনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ব্যানারে ১৫-২০ জন নেতা-কর্মী হরতালের সমর্থনে মিছিল বের করেন। পুলিশ ধাওয়া করলে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে নয়টার দিকে পুরান ঢাকার কোতোয়ালি থানার সামনে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের চারজন কর্মীকে আটক করে পুলিশ। এ সময় শিবিরের কর্মীরা সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

সিরাজগঞ্জ শহরের জেসি রোড নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সামনে গতকাল দুপুরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ছাত্রদলের কর্মী সাজু ও স্বেচ্ছাসেবক দলের কর্মী ছাদ্দাম হোসেন রাবার বুলেটে বিদ্ধ হন।

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজারে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে জড়িত থাকার অভিযোগে পুলিশ বিএনপি ও জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বগুড়ার ধুনটে আগের দিন পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগে ১৮-দলীয় জোটের ৬৬ জনের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আগুন: ফেনীর দাগনভূঞায় গত সোমবার রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা উপজেলা সদরের উদরাজপুর রাস্তার মাথায় অবস্থিত নজরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রাখা দাগনভূঞা একাডেমির একটি স্কুলবাসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে। তারা ওয়ার্কশপের পাশে বাইরে রাখা অপর একটি ট্রাকেও পেট্রল ঢেলে আগুন দেয়। দুটোই পুড়ে ভসঞ্চীভূত হয়। সোমবার মাঝরাতে চাঁদপুর-লাকসাম রেলরুটের হাজীগঞ্জে রেললাইনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেললে সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। একইভাবে রেললাইনে আগুন দেওয়া হয় নারায়ণগঞ্জেও।

সংঘর্ষ, ভাঙচুর:
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি ও জামায়াতের কর্মীদের সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ২৩টি যানবাহন ও দোকান ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭০টি রাবার বুলেট ও ১৭০টি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।

চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে জামায়াত-শিবিরের মিছিলে বাধা দিলে পুলিশকে ইট নিক্ষেপ করেন কর্মীরা। সন্ধ্যায় জামায়াত, বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয়ে মুহুরীহাট বটতল এলাকায় চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি মহাসড়কে ব্যারিকেড দেন। এ সময় অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করেন তাঁরা। পুলিশ ব্যারিকেড তুলতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশ শতাধিক রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।

অতিরিক্ত র্যাব-পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জামায়াত, বিএনপির ছয় নেতা-কর্মী আহত হন। সেখান থেকে জাকির (৩৫) নামের বিএনপির এক কর্মীকে আটক করে পুলিশ। ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম-নাজিরহাট, হাটহাজারী ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের অন্তত ২৫টি গাড়ি ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। থানার পুলিশ জানায়, সংঘর্ষে পাঁচ পুলিশ আহত হয়েছে।

গত সোমবার রাত নয়টায় লালমনিরহাট শহরের টিঅ্যান্ডটি মোড়ে যুবলীগের নেতা ইমরুল কায়েসের মোটরসাইকেল ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। এরই জের ধরে তাঁর বাড়ি আদিতমারী উপজেলায় সরকারি দলের কর্মীরা বিএনপি অফিসের দরজার তালা ভেঙে আসবাব ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন। আদিতমারী থানার ওসি আসলাম ইকবাল বলেন, দুই পক্ষের সংঘর্ষ এড়াতে পুলিশ ২৮টি রাবার বুলেট ছোড়ে।

ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগারহাট ও কমরউদ্দিন এলাকায় পুলিশ ও পিকেটারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। চরনোয়াবাদ, ইলিশা, ঘুইংগারহাট ১০টি অটোরিকশা-মোটরসাইকেল ভাঙচুর করে পিকেটাররা। বাগেরহাটের শরণখোলায় মিছিল থেকে বিএনপির কর্মীরা ১০টি দোকান ও ১৫টি পরিবহন ভাঙচুর করেছেন।

নোয়াখালী শহরের রশিদ কলোনি এলাকায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পিকেটাররা। শহরের মাইজদী বাজারে একটি ও দত্তেরহাট এলাকায় দুটি মোটরসাইকেল ভাঙচুর করে পিকেটাররা। ফেনীতে বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহামঞ্চদ আলী বাজারে পিকেটাররা দুটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি ব্যাটারিচালিত টমটম ভাঙচুর করে।

হামলা: চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় সাজ্জাদ হোসেন মাসুদ (২৮) নামের ছাত্রলীগের এক কর্মীকে কিরিচ দিয়ে কুপিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। মৃত্যু নিশ্চিত করতে তাঁকে ঘটনাস্থলে অবরুদ্ধ করে রাখেন তাঁরা। ওই সময় তাঁর ব্যবহূত মোটরসাইকেলটি ভেঙে চুরমার করা হয়। পুলিশ সাতটায় এলাকায় পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহত সাজ্জাদ একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধি।

সীতাকুণ্ড পৌরসভার চৌধুরীপাড়া (৫ নম্বর) ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিউল আলমের ব্যক্তিগত কার্যালয়ে সকাল নয়টায় ও বেলা ১১টায় বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। তারা আসবাব ভাঙচুর করে চলে যায়। সাতক্ষীরায় হরতালের সমর্থনে জেলা বিএনপির একাংশের সমাবেশে অপর পক্ষ হামলা চালিয়েছে। এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাসকিন আহমেদ আহত হন।

স্থলবন্দর: যশোরে বেনাপোল স্থলবন্দরে শুল্কায়ন ও পণ্য খালাস হয়েছে। তবে পণ্য নিয়ে কোনো ট্রাক বন্দর ছেড়ে যায়নি। পঞ্চগড়ে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে গতকালও বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
এ ছাড়া রাজশাহী, গাইবান্ধা, পঞ্চগড়, চাঁদপুর, শেরপুর, মিরসরাই ও নারায়ণগঞ্জে ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে।