আতপ চাল নিয়ে ওএমএসের ডিলাররা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া ও কুষ্টিয়ার কুমারখালীতে আতপ চাল নিয়ে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) ডিলাররা বিপাকে পড়েছেন। আতপ চাল খেতে অভ্যস্ত না হওয়ায় এবং এ চাল নিম্নমানের হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় অনেক ডিলার খাদ্যগুদাম থেকে চাল ওঠাচ্ছেন না।কোটালীপাড়া উপজেলায় ১৫ জন ডিলার রয়েছেন। চাল প্রতিদিন অবিক্রীত থাকায় কোটালীপাড়া উপজেলার ডিলাররা গত রোববার কেউ চালের জন্য ট্রেজারি চালান করেননি এবং খাদ্যগুদাম থেকে চালও ওঠাননি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ডিলার জানান, আগে যেখানে নয়টায় চাল বিক্রি শুরু হয়ে ১১টার মধ্যে শেষ হয়ে যেত, সেখানে এখন সারা দিনে ১০ কেজি চালও বিক্রি হয় না।জেলা খাদ্য কর্মকর্তা জসিম উদ্দিন মো. মাহবুব বলেন, ‘দু-এক দিনে মধ্যে আমরা সিদ্ধ চাল বিক্রির অনুমতি পেয়ে যাব। তখন আর সমস্যা থাকবে না।’ হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করতে উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৩০ জনকে ওএমএস ও সুলভমূল্যে খাদ্যসামগ্রী বিক্রির (ফেয়ার প্রাইস) ডিলার নিয়োগ করা হয়েছে। সম্প্রতি খাদ্য বিভাগ নিম্নমানের আতপ চাল ও বেশি দামের গম সরবরাহ করে। এতে আতপ চাল ও গম বিক্রি কমে গেছে। এ কারণে ডিলাররা পড়েছেন বিপাকে।