এক লাখ ২০ হাজার টন আতপ চালের মজুদ নিয়ে বিপাকে পড়েছে খাদ্য বিভাগ। গত বছর বিশ্ববাজারে চাল যখন দুষ্প্রাপ্য, তখন মজুদ বাড়াতে কেনা হয়েছিল প্রায় দুই লাখ টন আতপ চাল। কিন্তু এর মধ্যে মাত্র ৮০ হাজার টনের মতো বিক্রি হয়েছে। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, খোলা বাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমে সেদ্ধ চালের তুলনায় আতপের বিক্রি অর্ধেকে নেমে এসেছে। রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে ওএমএসে চাল বিক্রি ৪০ শতাংশ কমে গেছে। সূত্র জানায়, সরকারের অন্যান্য সামাজিক নিরাপত্তা কার্যক্রমেও কেউ আতপ চাল নিতে চাচ্ছে না। সাধারণত বোরো ধান বাজারে আসার আগ পর্যন্ত অর্থাৎ মার্চ-এপ্রিল মাসে আতপ চাল বিক্রি হয়। এরপর আর কেউ আতপ চাল নিতে চায় না। অথচ এ বছরই এই চাল বিক্রি করতে হবে। কারণ, আগামী বছর এর মেয়াদ চলে যাবে। বর্তমানে খাদ্য বিভাগ ওএমএস ও ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে আতপ ও সেদ্ধ চাল ২৪ টাকা কেজি দরে বিক্রি করছে।রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে ওএমএসের চাল বিক্রি অর্ধেকে নেমে এসেছে। গত শনি ও রোববার রাজশাহী বিভাগের ২৭ জন ডিলার ৭৪ টন চাল উঠালেও মাত্র ৩২ টন বিক্রি করতে পেরেছেন। অন্য দুটি বিভাগেও একই চিত্র। এই তিন বিভাগে মোটা চালের কেজি ২৯ থেকে ৩০ টাকায় নেমে আসায় ওএমএসে চাল বিক্রি কমে গেছে বলে বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রকদের কার্যালয় সূত্রে জানা গেছে। রাজধানীতেও একই অবস্থা। ওএমএসের আওতায় সপ্তাহে দুই দিন আতপ ও চার দিন সেদ্ধ চাল বিক্রি হয়। সেদ্ধ চাল বিক্রির দিনগুলোতে রাজধানীতে নিয়োগ দেওয়া ২৭৫ জন ডিলারের সবাই চাল ওঠান। এক মাস ধরে আতপ চাল বিক্রির দুই দিনে বড়জোর ১৫০ জন ডিলার চাল উঠিয়েছেন। খাদ্যসচিব বরুণ দেব মিত্র এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বিক্রি বাড়াতে সরকার আতপ চালের দাম কমানোর চিন্তাভাবনা করছে। চালের দাম নিয়ন্ত্রণে কিছু কিছু এলাকায় ওএমএসের কার্যক্রম কমিয়ে আনার আভাস দেন তিনি। সাধারণত প্রতিবছর সরকারিভাবে বিশ্ববাজার থেকে ৫০ থেকে ৬০ হাজার টন আতপ চাল কেনা হয়। সেদ্ধ চালের সঙ্গে আতপ চালের দামের পার্থক্য কেজিপ্রতি আট থেকে দশ টাকা। পার্বত্য চট্টগ্রাম, সিলেট ও উপকূলীয় কিছু জেলায় এই চাল বিক্রি হয়। দেশের অন্যত্র আতপ চালের চাহিদা কম। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পর্যবেক্ষণ অনুযায়ী, বাজারে প্রতি কেজি মোটা চালের খুচরা দাম ৩২ থেকে ৩৫ টাকায় নেমে এসেছে। মাঝারি চালের কেজি ৩৮ থেকে ৪০ ও চিকন চাল ৪০ থেকে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে।