আতাইকুলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের আলোকচর গ্রামে মঙ্গলবার রাতে মো. মোকছেদ আলী (৬০) নামের এক ব্যক্তিকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। তাঁর বাড়ি ইউনিয়নের পশ্চিম আতাইকুলা গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আলোকচর বাজারের একটি দোকান থেকে রাত সাড়ে ১২টার দিকে মোকছেদ আলী বাড়ি ফেরার পথে ৮-১০ জন সন্ত্রাসী তাঁকে ঘিরে ধরে। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, মোকছেদ আলী স্থানীয় চরমপন্থী দল ‘বাহিনী’র সদস্য ছিলেন। এ ঘটনায় তাঁর ছেলে আবু হানিফ বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাত-আট জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। যাদের নাম মামলায় উল্লেখ রয়েছে তারা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা ) সদস্য। এ কারণে ধারণা করা হচ্ছে, চরমপন্থীদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।