আতাইকুলায় গণপিটুনিতে চরমপন্থী নিহত
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া গ্রামে রোববার দিবাগত রাতে গণপিটুনিতে মো. আনোয়ার হোসেন (৩০) নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী গ্রামে। এ ঘটনার পর চরমপন্থীদের ছোড়া বোমায় এক নারীসহ দুজন আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, রাত তিনটার দিকে আনোয়ার হোসেন তাঁর সঙ্গীদের নিয়ে গ্রামের ফখরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ি থেকে ফখরুলকে ধরে নিয়ে মারধর করলে অন্য সদস্যরা চিৎকার দেন। এরপর এলাকাবাসী সন্ত্রাসীদের ওপর হামলা চালায়। তারা আনোয়ারকে ধরে গণপিটুনি দিতে থাকে। অবস্থা বেগতিক দেখে আনোয়ারের সঙ্গীরা ফখরুল ইসলামকে লক্ষ্য করে দুটি বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমার আঘাতে ফখরুল ইসলাম (৩৫) ও তাঁর ভাবি আজিমন খাতুন (৩০) আহত হন। ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় তিনজনকেই পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে সাতটার দিকে আনোয়ার হোসেন মারা যান। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আনোয়ার চরমপন্থী দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লাল পাতাকা) আঞ্চলিক নেতা ও থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।