আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এক-এগারোর পর আতাউর রহমান খান কায়সারের বাসায় গিয়ে অনেকেই তাঁকে অনেক হুমকি-ধমকি দিয়েছিলেন। অনেকে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের রাজনীতি পরিচালনার বিষয়ে টেলিভিশনে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু সেই দুর্দিনেও তিনি দলের পক্ষে শক্তিশালী ভূমিকা রেখেছিলেন।গতকাল রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আতাউর রহমান খান কায়সার স্মরণে আয়োজিত এক মিলাদ মাহফিলে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।সৈয়দ আশরাফ আরও বলেন, তাঁর সাহসী ভূমিকা বিভিন্ন সময় দলের নেতা-কর্মীদের মনে সাহস জুগিয়েছে। তিনি ছিলেন দৃঢ়চেতা ও অকুতোভয় সৈনিক।মুক্তিযুদ্ধকালে আতাউর রহমান রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তা সৈয়দ আশরাফ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।মাহফিলে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।