আতাউর রহমান খান কায়সার স্মরণে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে নগরের প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা সম্মিলন পরিষদের উদ্যোগে এ সভায় প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। সংগঠনের উপদেষ্টা প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনীর সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন কবি-সাংবাদিক অরুন দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা ইসলাম, দিলরুবা আলম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মাহবুবুল আলম তালুকদার, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংবাদিক এম নাসিরুল হক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, আতাউর রহমান খান কায়সারের মেয়ে মুনিজা আয়েশা খান প্রমুখ। স্মরণসভায় বক্তারা বলেন, ‘আতাউর রহমান খান কায়সার রাজনীতিকে ক্ষমতা ও অর্থ-বিত্তের হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি। আজকের দিনে আমাদের তাঁর আদর্শ অনুসরণ করা উচিত।’এর আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা সম্মিলন পরিষদের সভাপতি ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরীর বাবার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আতাউর রহমান খান কায়সারকে নিবেদিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।