আতাউর রহমান খান কায়সারের কুলখানি বৃহস্পতিবার
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সারের কুলখানি আগামী বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় চট্টগ্রামে চন্দনপুরার বংশালবাড়ীর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।আতাউর রহমান ৯ অক্টোবর হূদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।বংশালবাড়ীর আলহাজ ইয়ার আলী খানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আতাউর রহমান ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। ছাত্রনেতা হিসেবে তাঁর রাজনৈতিক জীবনের শুরু এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তৎকালীন সব বড় রাজনৈতিক আন্দোলনে জড়িত ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ৩২ বছর বয়সে তিনি আওয়ামী লীগের সাংসদ (এমএনএ) নির্বাচিত হন।আতাউর রহমান রাশিয়া ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তিনি তিন মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। বিজ্ঞপ্তি।