আতাউর রহমানের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সারকে গতকাল রোববার চট্টগ্রাম নগরের চন্দনপুরা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে তাঁর তিন দফা জানাজা হয়। গতকাল সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারা কলেজ মাঠে প্রথম জানাজা, তৈলার দ্বীপ এরশাদ উল্লাহ উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় এবং বিকেলে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে তৃতীয় জানাজায় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম, সাংসদ মোশাররফ হোসেন, আখতারুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম বিএসসি, মইন উদ্দিন খান বাদল, বিএনপির সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ আশরাফ প্রয়াত আতাউর রহমানকে একজন কীর্তিমান মানুষ বলে উল্লেখ করেন। আগামী বৃহস্পতিবার মরহুমের চন্দনপুরার বাসায় কুলখানির আয়োজন করা হয়েছে।