আতাউরকে মনোনয়ন দেওয়ায় বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমানকে বিএনপির মেয়র প্রার্থী ঘোষণা করায় দলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক পক্ষ মনে করছে জামায়াত থেকে বহিষ্কার হওয়া আতাউরকে প্রার্থী করা ঠিক হয়নি। আরেক পক্ষ বলছে, নির্বাচনে জেতার জন্য তিনিই যোগ্য।
আতাউর রহমান ২০০৫ থেকে ২০১১ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। ২০১০ সালের ফেব্রুয়ারিতে তাঁকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়। পৌর মেয়র থাকাকালে দুর্নীতি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। এই বছরের অক্টোবর মাসের শুরুতে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন বলে খবর রটে। পরে৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তাঁর বিএনপিতে যোগদানের খবর নিশ্চিত করা হয়। একই সময়ে তাঁকে দলের মেয়র প্রার্থী হিসেবেও ঘোষণা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য আবদুল মতিন বলেন, আতাউর বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সাংসদ হারুনুর রশীদের নেতৃত্বে দলে যোগ দেন। এমনকি তাঁকে মেয়র প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে। অথচ এর আগে পৌর নির্বাচনে বিএনপির রফিকুল ইসলামকে মনোনয়ন দেওয়ার কথা ঠিক করা হয়। রফিকুল ইসলাম প্রচার-প্রচারণাও চালাতে থাকেন। হঠাৎ করে আতাউর রহমানকে দলে নিয়েই তাঁকে মেয়র প্রার্থী করা নৈতিক দিক থেকে ঠিক হয়নি। তবে এ বিষয়ে রফিকুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।
পৌর বিএনপির সহসভাপতি ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী শাহনেওয়াজ খান বলেন, ‘আতাউর রহমানকে যাঁরা দলে ঢুকিয়েছেন, তাঁরা রাজনৈতিকভাবে দেউলিয়া। কেননা, আতাউর একজন বিতর্কিত ব্যক্তি। নিজ দল (জামায়াত) থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন। অথচ দলের দুর্দিনে, আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে কারাবরণ করার পরও বলা হচ্ছে আমি বিএনপি করি না।’
জেলা যুবদলের সাধারণ সম্পাদক তাবিউল ইসলাম বলেন, স্বৈরতান্ত্রিকভাবে দল চালাচ্ছেন হারুনুর রশীদ ও তাঁর স্ত্রী জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দা আশিফা আশরাফি। তাঁদের সিদ্ধান্তেই এ ঘটনা ঘটেছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ময়েজ উদ্দীন বলেন, এর আগে পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামকে মেয়র পদে ভাবা হলেও পরে আতাউরকে প্রার্থী ঘোষণা করা হয়। তাঁকে প্রার্থী ঘোষণার দিন (৯ অক্টোবর) কেউ বিরোধিতা করেননি।
হারুনুর রশীদ বলেন, নির্বাচনের রাজনীতিতে জয়ই বড় বিষয়। আতাউর রহমানই মেয়র পদে জেতার মতো প্রার্থী। অন্য মনোনয়নপ্রত্যাশী ও তাঁদের সমর্থকেরা ভিন্ন কথা বলবে এটাই স্বাভাবিক।
যোগাযোগ করা হলে আতাউর রহমান এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।