আতাউস সামাদ ছিলেন খাঁটি 'ওয়াচডগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক আতাউস সামাদ ছিলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ এবং একজন খাঁটি ওয়াচডগ (সতর্ক প্রহরী)। তাঁর ডাকনাম ছিল খোকন। মানুষ হিসেবেও তিনি ছিলেন খোকনের মতোই সরল, প্রাণখোলা।
গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আতাউস সামাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্মৃতিকথা’ অনুষ্ঠানে তাঁর বন্ধু, সহকর্মী ও ছাত্ররা এসব কথা বলেন। আতাউস সামাদ স্মৃতি পরিষদ এর আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাখাওয়াত আলী খান। তিনি বলেন, ‘১৯৭৬ সালে আমি যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান হই, তখন ১০টি পদ সৃষ্টি করি। সেখানে আতাউস সামাদকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করি। তাঁকে এ বিভাগের সঙ্গে যুক্ত করা ছিল আমার সৌভাগ্য।’
প্রবীণ এই শিক্ষক বলেন, শ্রেণিকক্ষে আতাউস সামাদের সাংবাদিকতার অভিজ্ঞতার বর্ণনা ছিল চমৎকার। তিনি একজন জনপ্রিয় শিক্ষক হয়ে উঠেছিলেন। এরশাদ সরকারের সময় তাঁকে গ্রেপ্তার করা হলে ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে মিছিল বের করে। তাঁর ডাকনাম ছিল খোকন, মানুষ হিসেবে তিনি ছিলেন খোকনের মতোই সরল। সমাজের সব ধরনের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এবং সব মহলে তিনি গ্রহণযোগ্য ছিলেন।
সাখাওয়াত আলী খান বলেন, ‘তাঁর মৃত্যুর খবর নিয়ে টেলিভিশনগুলোর গোলমালটা ছিল অনৈতিক। আমি এর নিন্দা জানাই।’ তিনি আতাউস সামাদকে নিয়ে কোনো স্মারকগ্রন্থ প্রকাশ না হওয়ায় আক্ষেপ করে বলেন, ‘তাঁর মতো মানুষকে আমাদের ধরে রাখা উচিত।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আতাউস সামাদের ঘনিষ্ঠ বন্ধু সাংবাদিক কামাল লোহানী। তিনি স্মৃতিচারণা করে বলেন, ‘শুধু সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি যে আতাউস সামাদের আনুগত্য ছিল তা নয়, সাংবাদিকদের অধিকার আদায়ের ক্ষেত্রেও তাঁর অসাধারণ দৃঢ় প্রত্যয় ছিল। সাংবাদিক ইউনিয়নে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর সেই বলিষ্ঠ সাহসিকতার দৃষ্টান্ত দেখেছি।’