আতিউরের পদত্যাগ, বিকেলে সংবাদ সম্মেলন
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় আজ মঙ্গলবার গভর্নরের পদ থেকে পদত্যাগ করলেন আতিউর রহমান। এ ব্যাপারে তিনি বিকেল তিনটায় তাঁর বাসায় সংবাদ সম্মেলন করবেন।
আতিউর রহমান আজ বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য কাছে তাঁর কার্যালয়ে যান। তিনি তাঁর পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বেলা সোয়া একটার দিকে আতিউর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চলে যান। এ সময় তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। বলেন, বিকেল তিনটায় সংবাদ সম্মেলন করবেন।
আর সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, সাবেক অর্থসচিব ফজলে কবিরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। ফজলে কবির বর্তমানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান।
সকালে নিজ বাসায় সাংবাদিকদের আতিউর রহমান বলেন, তিনি পদত্যাগপত্র লিখে প্রধানমন্ত্রীর অপেক্ষায় বসে আছেন। তিনি বলেন, ‘আমি অপেক্ষা করছি—প্রধানমন্ত্রী কী বলেন। আমি পদত্যাগ করলে যদি বাংলাদেশ ব্যাংকের ভালো হয়, তাহলে পদত্যাগ করতে আমার দ্বিধা নাই। পদত্যাগপত্র লিখে বসে আছি।’
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সমালোচিত আতিউর রহমান বলেন, গতকাল সোমবার বিকেলে তিনি ভারত থেকে দেশে ফিরেছেন। রাতে অর্থমন্ত্রীর সঙ্গে তাঁর বাসায় গিয়ে দেখা করেছেন। অর্থমন্ত্রী তাঁকে বলেছেন, তিনি চলে গেলে বাংলাদেশ ব্যাংক ভালো চলবে। তিনি বলেন, ‘আমি আমার বিবেক দ্বারা চালিত হই। মনে করি, প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন। তিনি না বললে আমার পদত্যাগ করা উচিত হবে না। সাত বছর দায়িত্ব পালন করেছি, বাংলাদেশ ব্যাংককে সন্তানের মতো মনে করেছি। রিজার্ভ থেকে চুরি হোক, এটা আমি কখনো চাইনি।’
আরও পড়ুন: