আতিউরের পদত্যাগ সৎসাহসের বিরল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের পদত্যাগ একটি সাহসী পদক্ষেপ। এটি নৈতিক মনোবল ও সৎসাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।
গতকাল মঙ্গলবার আতিউর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করে শেখ হাসিনা আরও বলেন, ওয়েবসাইট হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভের অর্থ চুরির বিষয়ে সাইবার অপরাধের ধারায় বাংলাদেশ ব্যাংকের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব মামুন অর রশিদ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র পেশ করেন গভর্নর আতিউর রহমান। দেশের অর্থনৈতিক উন্নয়নে আতিউর রহমানের অনেক অবদান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে তাঁর সময়ে রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকিং সেবা খাত আরও গতিশীল হয়েছে।