অনুমোদনহীন নকশার মাধ্যমে সেগুনবাগিচায় ভবন নির্মাণের অভিযোগে দৈনিক জনকণ্ঠর সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাঁর আপিল মঞ্জুর করে এ রায় দেন।একই আদালত সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী খ ম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে দুদকের করা মামলাও বাতিল ঘোষণা করেছেন।জানা গেছে, অনুমোদনহীন নকশার মাধ্যমে ১০/এ সেগুনবাগিচায় ভবন নির্মাণের অভিযোগে ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর মতিঝিল থানায় আতিকউল্লাহ খান মাসুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মাহমুদ হাসান মামলা করেন। এ মামলায় ২০০৮ সালের ২০ মার্চ বিচারিক আদালতের রায়ে তাঁকে সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এর বিরুদ্ধে তিনি ২০০৮ সালে হাইকোর্টে আপিল করেন। আপিলের ওপর শুনানি শেষে গতকাল আদালত তা মঞ্জুর করেন।অন্যদিকে সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী খ ম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ২০০৭ সালে রমনা থানায় মামলা করে দুদক। মামলাটি বাতিল চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত বছর আদালত রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করেন। রুলের চূড়ান্ত শুনানির পর গতকাল মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়।