আতিকুলের কার্যালয়ের সামনে সমর্থকদের ভিড়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামের কার্যালয়ের সামনে ভিড় জমাচ্ছেন সমর্থকেরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর বনানীর কার্যালয়ের সামনে শ দুয়েক মানুষের ভিড় দেখা যায়।
বিকেলে আতিকুল ইসলামের কার্যালয়ের সামনে জড়ো হওয়া লোকজন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। এ সময় আতিকুল ইসলাম তাঁর কার্যালয়ে ছিলেন না। পরে সমর্থকদের সঙ্গে যোগ দিয়ে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম সবার দোয়া চান। সবাইকে নিয়ে প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্নের ঢাকা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ব্যক্তিরা একটি মিছিলও করেন।
পরে আতিকুল ইসলাম উপস্থিত সংবাদকর্মীদের বলেন, ‘এখানে যাঁরা এসেছেন, তাঁদের বেশির ভাগকেই আমি চিনি না। তাঁরা নিজেরা এসে আমার সঙ্গে পরিচিত হচ্ছেন। এতে আমি খুব উৎফুল্ল বোধ করছি।’ তিনি আরও বলেন, ‘আমাকে ভালোবেসে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাঁরা এসেছেন। এই ভালোবাসার প্রতিদান আমি যেন কাজের মাধ্যমে দিতে পারি।’
চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে আতিকুল ইসলামের বক্তব্য, ‘আমি দলের সর্বোচ্চ মহল থেকে সবুজ সংকেত পেয়েছি বলেই মাঠে নেমেছি। এর জন্য একটা মনোনয়ন বোর্ড আছে। যদি শেষ পর্যন্ত মনোনয়ন পাই, তাহলে আমি ঢাকাবাসীর স্বপ্ন পূরণে চেষ্টা করব।’ তিনি আরও বলেন, এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও তাঁর কথা হয়েছে।