আতিথেয়তায় মুগ্ধ থাই রাজকন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজকন্যা মাহা চাকরি সিরিনধর্ন গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গাইবান্ধার চরাঞ্চলে তাঁর জন্য বিশেষভাবে নির্মিত রিসোর্টে পৌঁছান। এর আগে ঢাকা থেকে সড়কপথে তিনি গাইবান্ধা শহর ছাড়িয়ে সন্ধ্যা ছয়টায় বালাসীঘাটে পৌঁছালে সেখানে স্থানীয় সাংসদ ফজলে রাব্বী মিয়া, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ও পুলিশ সুপার শাহাদত হোসেন তাঁকে সংবর্ধনা জানান। বালাসীঘাট থেকে নৌকায় নদী পেরিয়ে রিসোর্টে যাওয়ার সময় দুই পাড় থেকে স্থানীয় লোকজন রাজকন্যাকে হাত নেড়ে অভ্যর্থনা জানায়। এ সময় অনেকে নদীতে নেমে পড়ে এবং রাজকন্যা তাদের অনেকের সঙ্গে হাত মেলান। রাজকন্যা বলেন, ‘আমি এখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ।’ গত সোমবার তিনি ব্যাংকক থেকে ঢাকায় আসেন। গতকাল বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর আসার কথা ছিল তাঁর, কিন্তু অনিবার্য কারণে তা বাতিল করা হয়। রাজকন্যা ‘জীবিতা বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠানের মাতৃ-শিশুস্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক একাধিক গবেষণা প্রকল্প পরিদর্শনে গাইবান্ধায় যান। প্রকল্পটির উদ্দেশ্য মা ও শিশুস্বাস্থ্য এবং তাদের মৃত্যুর হার কমানোর উপায় খুঁজে বের করা। জীবিতা ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত গাইবান্ধা ও রংপুর জেলার ১৯টি ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়ন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের স্বাস্থ্য উপদেষ্টা বোর্ডের তত্ত্বাবধানে গবেষণা প্রকল্পটি পরিচালিত হয়। থাইল্যান্ডের রাজকন্যা স্বাস্থ্য উপদেষ্টা বোর্ডের অন্যতম সদস্য। তাই ৩৫ সদস্যবিশিষ্ট এই উপদেষ্টা দলের সঙ্গে পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছেন তিনি। রাজকন্যা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চর রসুলপুরের ভাষারপাড়ার বেলেরচরে যান। সেখানে তাঁর জন্য বিশেষভাবে নির্মিত রিসোর্টে রাত যাপন করেন। সেখানে ৩৫টি কুঁড়েঘর তৈরি করা হয়েছে। এসব কুঁড়েঘর ছনের চালা ও বাঁশের চাটাইয়ের বেড়া। রিসোর্টের মাঝামাঝি রয়েছে গোলাকৃতির বৈঠকখানা। এর পাশে খাবারঘর, রান্নাঘর, হস্তশিল্প, পিঠাঘর, গোয়ালঘর ও নকশিকাঁথার প্রদর্শনী ঘর। প্রতিঘরে রয়েছে বাঁশের তৈরি ড্রেসিং টেবিল, খাট, বইয়ের তাক, কলমদানি, হ্যাঙ্গার ও ওয়েস্টেস বাক্স। প্রতিটি ঘরের সঙ্গেই সংযুক্ত রয়েছে আধুনিক টয়লেট, বেসিন। গোসলখানায় রয়েছে ঝরনা ও অন্যান্য সামগ্রী। বারান্দায় খেজুরপাতার তৈরি নকশিপাটি, টাঙানো হয়েছে হারিকেন ও পাটের তৈরি নকশি শিকা। শিকায় ঝোলানো নানা গ্রামীণ কারুশিল্প। ঢাকার ‘সিন অব সিস’ নামে একটি প্রতিষ্ঠান এই রিসোর্টটি তৈরি করে। সিন অব সিসের কর্মকর্তা রাসেল বিন রিপন বলেন, রাতে দক্ষ বাবুর্চি দিয়ে গ্রামবাংলার খাবার ডাল-ভাত, শাকসবজি, ভর্তা, ছোট মাছ, শুঁটকি, পিঠা, পায়েস, গাভির দুধ খাওয়ানো হয়। জীবিতা বাংলাদেশ গাইবান্ধা অফিসের কর্মকর্তা আবদুল জব্বার জানান, গাইবান্ধায় অবস্থানকালে প্রকল্প পরিদর্শনের পাশাপাশি তিনি বাংলাদেশের গ্রামীণ জীবন দেখবেন এবং মা ও শিশুদের সম্পর্কে জানবেন।