আতিথেয়তায় মুগ্ধ পাপুয়া নিউগিনির মন্ত্রী মার্ক মাই পাকাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সাধারণ মানুষের আতিথেয়তায় মুগ্ধ পাপুয়া নিউগিনির শ্রম ও শিল্পমন্ত্রী মার্ক মাই পাকাই। গত শুক্রবার দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার আংগাড়গাড়া বাজারের আশপাশের কয়েকটি কৃষিভিত্তিক প্রকল্প পরিদর্শনের সময় তাঁকে সংবর্ধনা দিতে আসা সাধারণ মানুষের উত্ফুল্ল দেখে মার্ক মাই পাকাই এই অনুভূতি প্রকাশ করেন।পাপুয়া নিউগিনিতে বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের বিশেষ আমন্ত্রণে সাত দিনের ব্যক্তিগত সফরে তিনি ১৮ এপ্রিল বাংলাদেশে আসেন।মার্ক মাই পাকাই বলেন, ‘এভাবে আমাকে গ্রহণ করায় আমি নিজেকে আমার দেশের মানুষের কাছেই আছি বলে মনে করছি। দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানিসহ অর্থনৈতিক, কূটনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যবসায়িক নানা সম্পর্ক উন্নয়নে আমি সাধ্যমতো চেষ্টা করব। আমার দেশে বাংলাদেশের মানুষের ব্যবসা করার ব্যাপক সম্ভাবনা ও সুযোগ রয়েছে।’ এ সময় মার্ক মাই পাকাইয়ের সঙ্গে ছিলেন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি রবিন রহমান, সহসভাপতি এম এ ওয়াহেদ, মহাসচিব আমিন রহমান ও কোষাধ্যক্ষ হারুন অর রশীদ। সকালে তিনি ময়মনসিংহ সার্কিট হাউসে ময়মনসিংহ সদর আসনের সাংসদ মতিউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। পরে তিনি অ্যাসোসিয়েশনের সহসভাপতি এম এ ওয়াহেদের বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে বিকেলে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। সন্ধ্যায় তিনি পাপুয়া নিউগিনির উদ্দেশে রওনা হন।