আতিয়া মহল এলাকায় আবার সচল জীবনযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রী দেবী রেস্টুরেন্ট। ঠিকানা মন্দির রোড, শিববাড়ি বাজার, দক্ষিণ সুরমা। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এ রেস্তোরাঁয় ক্রেতাদের ভিড় লেগেই থাকত। বিশেষ করে শ্রমজীবী মানুষেরাই এখানে ভিড় করত বেশি। টেলিভিশন দেখতে দেখতে শিঙারা, সমুচা কিংবা পাউরুটি মুখে পুরে গল্প-আড্ডায় মেতে উঠতেন তাঁরা। আবার কেউ-বা চায়ের কাপে চুমুক দিয়ে রাজনৈতিক আলাপে মত্ত হতেন। কিন্তু আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানের কারণে মাঝখানে সে আড্ডায় ছেদ পড়ে।

অভিযান চলাকালে ভয় আর আতঙ্কে প্রায় এক সপ্তাহ স্থানীয় লোকজন বাড়িতে অনেকটা অবরুদ্ধ জীবন যাপন করে। আতিয়া মহলের কয়েক শ গজ দূরে অবস্থিত হওয়ায় স্থানীয় লোকজনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে বন্ধ ছিল এলাকার একমাত্র হাট শিববাড়ি বাজার আর এলাকাসংলগ্ন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক। তবে গত শুক্রবার থেকে আবার সড়কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। একে একে বন্ধ কপাট খোলে বাজারের সব কটি দোকানের। জীবনযাত্রা সচল হয়ে ওঠে। ক্রেতা-বিক্রেতা আর মানুষের সমাগমে আবার পুরোনো রূপ পেয়েছে শিববাড়ি বাজার।
আজ রোববার দুপুরে শিববাড়ি বাজার এলাকায় গিয়ে দেখা গেছে, কেবল সেই শ্রী দেবী রেস্টুরেন্টই নয়, বরং সব কটি রেস্টুরেন্টই ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে। শ্রী দেবী রেস্টুরেন্টে চা-পানরত আবুল মিয়া (৪৯) নামের এক দিনমজুর জানান, প্রায় এক সপ্তাহ ধরে বাজারের সব দোকানপাট বন্ধ ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড়া বাজারের রাস্তা-গলিতে কেউ ছিল না। সবখানেই ছিল সুনসান পরিবেশ। দোকানপাট খুলতে থাকায় বাজারটি যেন আবার প্রাণ ফিরে পেয়েছে।
শিববাড়ি বাজারের পারভেজ স্টোরের স্বত্বাধিকারী পারভেজ আহমদ আজ বেলা ২টা ২ মিনিটে জানান, অভিযান শুরুর পর থেকেই গুলি-বিস্ফোরণের শব্দে স্থানীয় মানুষ ভয় আর আতঙ্কে বাসায় বন্দী জীবন যাপন করেছে। শঙ্কা আর উৎকণ্ঠায় দিন কেটেছে সবার। বাজার চালু হওয়ায় জীবনযাত্রা ক্রমে স্বাভাবিক হয়ে উঠেছে। বেচাকেনাও মন্দ হচ্ছে না।
পারভেজ স্টোরের ক্রেতা দিনমজুর ইউসুফ আলী (৪০) জানান, তাঁর মূল বাড়ি সুনামগঞ্জ। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি শিববাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। অনেক দিন পর এলাকার সড়কটি উন্মুক্ত করায় তিনি গত শুক্রবার বাসা থেকে বেরিয়েছেন। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের সিএনজি অটোরিকশার চালক রুবেল পাল জানান, সড়ক বন্ধ থাকায় তিনি তাঁর সিএনজিটিও এত দিন বাসায় ফেলে রেখেছিলেন। এখন আবার যাত্রী পরিবহন শুরু করেছেন।
সবজি ব্যবসায়ী মোহাম্মদ হানিফ (৩০) ও হাবিবুর রহমান (৫০) জানান, ঘটনার পরপরই সবজি ফেলে রেখে তাঁরা ভয়ে বাজার ত্যাগ করেছিলেন। গত শুক্রবার এসে দেখেন, তাঁদের সব সবজি পচে নষ্ট হয়ে গেছে। এসব সবজি ফেলে দিয়ে এখন আবার নতুন সবজি নিয়ে তাঁরা বসেছেন। ক্রেতারাও আস্তে আস্তে কেনাকাটা শুরু করছেন। তাঁদের বাজারে ৩০ জন সবজি ও মাছ ব্যবসায়ী রয়েছেন বলে তাঁরা জানিয়েছেন।
শিববাড়ি বাজারে কথা হয় নেত্রকোনার বাসিন্দা জালাল উদ্দিন নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘আমার কিছু পরিজন শিববাড়ি এলাকায় বসবাস করেন। আতিয়া মহলের ঘটনার খবর পেয়ে তাঁদের দেখতে এসেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সবাই ভালো আছেন।’ স্থানীয় বান্দরঘাট এলাকার বাসিন্দা ও একটি ওয়ার্কশপের মেকানিক আমির হোসেন বলেন, ‘ভয় আর আতঙ্কে শিববাড়ি, পৈত্যপাড়াসহ এলাকার মানুষ বাড়ি ফেলে অন্যত্র চলে গিয়েছিল। পরিস্থিতি সব ঠিকঠাক হওয়ায় তারাও এখন ফিরে আসতে শুরু করেছে।’

গত ২৩ মার্চ দিবাগত রাত আড়াইটায় সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামের পাঁচতলা এই বাড়ি ঘিরে ফেলে পুলিশ। খবর ছিল, নিচতলার একটি ফ্ল্যাটে জঙ্গিরা অবস্থান করছে। পরের দিন শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট গিয়ে অভিযানে অংশ নেয়। এরপর শনিবার সকাল থেকে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও বিশেষায়িত কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে। অভিযানের মধ্যেই শনিবার সন্ধ্যায় দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত এবং আরও ৪৪ জন আহত হন।
১১১ ঘণ্টা পর গত মঙ্গলবার সেনাবাহিনী সফলভাবে অভিযান শেষ করেছে। তার আগে বাড়িটির ২৮টি ফ্ল্যাটে আটকা পড়া ৭৮ জন নারী, পুরুষ ও শিশুকে নিরাপদে বের করে আনেন সেনা কমান্ডোর সদস্যরা। অভিযানের সময় নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আতিয়া মহল-সংলগ্ন স্থানীয় শিববাড়ি বাজার এবং সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়। গত শুক্রবার ফের সড়ক ও বাজার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে আতিয়া মহলটি এখনো পুলিশ ও বিজিবির সদস্যরা ঘেরাও করে রেখেছেন।