আতিয়া মহল এলাকায় মাছ-সবজির সংকট
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় আতিয়া মহলের আশপাশের বাসিন্দারা মাছ-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েছেন। জঙ্গিবিরোধী অভিযানের কারণে স্থানীয় একমাত্র বাজারটি পাঁচ দিন ধরে বন্ধ থাকাতেই এ পরিস্থিতি।
গতকাল মঙ্গলবার দুপুরে ওই এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন ধরে তাঁরা শুধু ডাল-ডিম-আলুর তরকারি খেয়ে দিন কাটাচ্ছেন। কারণ, আতিয়া মহলের কয়েক শ গজ দূরে শিববাড়ি বাজারই এখানকার বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় কাঁচাবাজারের একমাত্র ভরসা। এ বাজারের ওপরই শিববাড়ি, মোমিনখলা (একাংশ), পাঠানপাড়া, পৈত্যপাড়া, জৈনপুর, তালুকদারপাড়াসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা নির্ভর করেন। আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানের ফলে গত শুক্রবার থেকে বাজারটি বন্ধ রয়েছে।
শিববাড়ি এলাকার গৃহিণী বাসন্তী চক্রবর্তী (৬৫) বলেন, এ কদিন কেবল আলু আর ডালের ওপর নির্ভর করে আছেন।
শিববাড়ি বাজার বন্ধ থাকায় সিলেট নগরের বিভিন্ন হাটবাজারেও এর কিছুটা প্রভাব পড়েছে। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক বন্ধ থাকায় শিববাড়ি-সংলগ্ন এলাকার চাষিদের উৎপাদিত সবজি নগরের হাটবাজারে সরবরাহ হচ্ছে না। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী সবজির দাম বাড়িয়ে ফেলেছেন বলে কিছু ক্রেতা অভিযোগ করেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি।