আতিয়া মহল ছাড়া বাকি সব বাড়ির গ্যাস সংযোগ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীতে জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনাবাহিনীর অভিযান শেষ হওয়ার একদিন আজ বুধবার রাত থেকে ওই এলাকায় গ্যাস সংযোগ চালু করা হয়েছে। তবে আতিয়া মহল ও পাশের একটি বাড়ির গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

বুধবার রাতে জালালাবাদ গ্যাসের দক্ষিণ অঞ্চলের ব্যবস্থাপক রুস্তম আলী চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্যাসের আবাসিক সংযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়েছিল। আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে চালুর নির্দেশ দেওয়ায় তা সচল করা হয়।

আতিয়া মহলে জঙ্গি আস্তানা সন্দেহে গত শুক্রবার থেকে অভিযান শুরু হয়। ওই দিন বিদ্যুৎ সংযোগ পুরো এলাকায় সন্ধ্যা পর্যন্ত বন্ধ ছিল। রাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। শুক্রবার মধ্যরাত থেকে বন্ধ করা হয় গ্যাস সংযোগ। পরদিন সকাল থেকে শুরু হয়েছিলে সেনাবাহিনীর ‘অপারেশন টোয়াইলাইট’। ১১১ ঘণ্টা পর মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে অভিযান সমাপ্ত ঘোষণার পরদিন আজ বুধবার রাতে সংযোগ দেওয়া হয়।

জালালাবাদ গ্যাস ভবনের সরবরাহ দপ্তর জানায়, আতিয়া মহল আশপাশের ছয়টি এলাকায় জালালাবাদ গ্যাসের আবাসিক সংযোগ রয়েছে ২৫০০-এর মতো। এর মধ্যে বিভিন্ন একজন গ্রাহকের সংযোগ লাইনে আবাসিক এলাকার বহুতল ভবনের বিভিন্ন ফ্ল্যাটে সংযোগ রয়েছে আরও সহস্রাধিক। এসব আবাসিক সংযোগ গত শুক্রবার মধ্যরাত থেকে বন্ধ রাখা হয়েছিল।