আতিয়া মহলে জঙ্গি আস্তানার দুই মামলার তদন্তে পিবিআই
সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ থেকে বিস্ফোরক উদ্ধার ও অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ের করা দুটি মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ সোমবার পিবিআইয়ের তদন্ত দল আতিয়া মহল পরিদর্শনের মধ্য দিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
আতিয়া মহলে জঙ্গি আস্তানায় অভিযান শেষে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। মামলা দুটি তদন্ত করছিল মোগলাবাজার থানা-পুলিশ। পিবিআই সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার জাহান প্রথম আলোকে বলেন, ৯ মে পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলা দুটি পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। ১৩ মে মামলার আলামত ও ডকেট গ্রহণ করার পর আজ সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে তদন্ত শুরু করেছে পিবিআই। তিনি জানান, জঙ্গিবাদের মূলোৎপাটন করতেই এ তদন্ত সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ও দ্রুততম সময়ের মধ্যে শেষ করে অভিযোগপত্র দেওয়া হবে।
সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমার শিববাড়ি-পাঠানপাড়ার পাঁচতলা আবাসিক ভবন আতিয়া মহলের নিচতলায় জঙ্গি আস্তানা সন্দেহে গত ২৩ মার্চ দিবাগত রাতে ভবনটি ঘিরে ফেলে পুলিশ। পরদিন ২৪ মার্চ ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট অভিযানে অংশ নেয়। ২৫ মার্চ সকাল থেকে সেনাবাহিনী অভিযান শুরু করে। ২৫ মার্চ সকাল থেকে ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত আতিয়া মহলে ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালনা করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল। অভিযানের প্রথম দিন সন্ধ্যায় আতিয়া মহল-সংলগ্ন পাঠানপাড়া দাখিল মাদ্রাসার কাছে দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনায় র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান, দুজন পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হন। এ ঘটনায় আহত হন ৪৩ জন।
২৮ মার্চ সন্ধ্যায় সেনাবাহিনীর অভিযান অভিযান সমাপ্ত হয়। অভিযানে চার জঙ্গি নিহত হয়। এরপর আতিয়া মহলকে বিস্ফোরকমুক্ত করতে ‘অপারেশন ক্লিয়ারিং আতিয়া মহল’ শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল ইউনিট। ১০ এপ্রিল এ অভিযানের সমাপ্তি টানা হয়। এরপর ১২ এপ্রিল ভবনের ফ্ল্যাটগুলো ভাড়াটেদের কাছে বুঝিয়ে দেওয়া হলে তাঁরা নিজেদের মালামাল সরিয়ে নেন।
আতিয়া মহলে অভিযান শেষে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী। এসব বিস্ফোরক ও আলামত উদ্ধার করে বিস্ফোরক অধিদপ্তরে পাঠানো হয়েছে। নিহত চার জঙ্গির ডিএনএ পরীক্ষা করে লাশ বেওয়ারিশ হিসেবে সিলেটে দাফন করে পুলিশ।
পিবিআই তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আতিয়া মহলে অভিযান চলাকালে দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনায় মৌলভীবাজারের বড়হাট ও নাসিরপুরে দুটি জঙ্গি আস্তানায় নিহত দুজন জড়িত বলে পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ার বিষয়টি জানানো হয়। প্রাথমিকভাবে এই সূত্র ধরে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। এ ব্যাপারে প্রযুক্তি ব্যবহার করে পুরোপুরি নিশ্চিত হওয়ার উদ্যোগ নেওয়া হবে। ওই সূত্র আরও জানায়, সিলেটে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে মৌলভীবাজারের জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছিল কাউন্টার টেররিজম ইউনিট। আস্তানায় থাকা দুজন জঙ্গি সিলেটে বিস্ফোরণের ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল। তবে মৌলভীবাজারে অভিযান শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানকার জঙ্গিদের ছিন্নবিচ্ছিন্ন লাশ উদ্ধার করায় ওই হামলাকারী দুজন জঙ্গির পরিচয় নিশ্চিত করা যায়নি।