আতিয়া মহলের অপর দুই জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানে নিহত দুই জঙ্গির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত হয়। এর আগে দুই লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, নিহত দুজনের পরিচয় জানতে ডিএনএ নমুনা রাখা হয়েছে। বিকেলে নগরের মানিকপীর কবরস্থানে দুটো লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিকেলে আতিয়া মহলে পড়ে থাকা অবস্থায় ছিন্নভিন্ন দুটো লাশ পুলিশের কাছে দেয় র‍্যাব-৯ এর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল। সেখান থেকে লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

গত ২৩ মার্চ দিবাগত রাতে আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান মেলে। ২৪ মার্চ থেকে ১১১ ঘণ্টার টানা অভিযান চলে। সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন টোয়াইলাইট’ শীর্ষক এই অভিযানে নিহত হয় এক নারীসহ চার জঙ্গি। এর মধ্যে গত ২৮ মার্চ অভিযান শেষের দিন দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।