আতিয়া মহলের দুই জঙ্গির ময়নাতদন্ত শেষ
সিলেটের আতিয়া মহল থেকে উদ্ধার করা নারী ও পুরুষ জঙ্গির লাশ অজ্ঞাতনামা হিসেবে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তিন সদস্যের মেডিকেল বোর্ড আজ মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত করার পর লাশ দুটি অজ্ঞাত হিসেবে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ সূত্রে জানা গেছে, নারী জঙ্গির দুই পায়ের পাতা ছাড়া সারা শরীর পোড়া ছিল। পায়ে স্যান্ডেল পরা ও পায়ের নখে মেহেদি রং ছিল। চুল অধিকাংশ পুড়ে যাওয়া অবস্থায় নারীর মরদেহ পাওয়া গেছে। পুরুষ জঙ্গির উচ্চতা আনুমানিক ছয় ফুট হবে। তার চুল ছাটা ছিল। পরনে কালো গেঞ্জি ও প্যান্টের কিছু অংশ পাওয়া গেছে। পুরুষের পায়ে স্যান্ডেল পরা ছিল।
বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান আদিলুজ্জামান ময়নাতদন্ত প্রতিবেদন মহানগর পুলিশের মোগলাবাজার থানার তদন্তকারী পুলিশ দলের কাছে সিলগালা করে জমা দিয়েছেন। মেডিকেল কলেজে তাঁর দপ্তরের সামনে গণমাধ্যমকর্মীরা দুই লাশের ময়নাতদন্তে কী পাওয়া গেছে, মারা যাওয়ার কারণ—এসব বিষয়ে জানতে চাইলে আদিলুজ্জামান ‘এটা এই মুহূর্তে আমাদের বলা অনুচিত’ বলে এড়িয়ে যান।
পুলিশ জানায়, আতিয়া মহলের নিচতলা ভাড়া দিতে বাড়ির মালিকের যে ভাড়াটে তথ্য ফরম রয়েছে, তাতে মর্জিনা নামের একজন নারী ও স্বামী কাওসার লেখা রয়েছে। উদ্ধার করা লাশ দুটি এ দুজনের কি না, এ জন্য ডিএনএ পরীক্ষার জন্য দুটি লাশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ। প্রথম আলোকে তিনি জানান, ময়নাতদন্তের পর লাশ দুটি হিমঘরে অজ্ঞাত হিসেবে রাখা হবে। পরিবার বা স্বজন না পাওয়া গেলে পরবর্তী সময়ে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামের পাঁচতলা এই বাড়ির নিচতলায় জঙ্গি থাকার খবর পেয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। গত শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত গিয়ে অভিযানে অংশ নেয়। এরপর গত শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে। এ অভিযানের মধ্যেই শনিবার সন্ধ্যায় দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত এবং আরও ৪৪ জন আহত হন।
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় আতিয়া মহলে সেনাবাহিনীর অভিযান প্রায় শেষ। আনুষ্ঠানিক ঘোষণার বাকি। এখন ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। তবে আজ মঙ্গলবার বিভিন্ন সময় আতিয়া মহল থেকে সাত আটটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।