আতিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিয়া জাহান ওরফে মৌ হত্যার বিচার দাবিতে স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। গতকাল শুক্রবার তাঁরা সদর মডেল থানার পাশে কালীবাড়ি সড়কে এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন নিহত ব্যক্তির মা রওশন আরা, ভাই কামরুল হাসান, বোন আফরিন আরা, খালা মমতাজ আরা এবং কাউসার আহমেদ, আবুল বাশার।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সূত্রে জানা গেছে, গত বছরের ৭ নভেম্বর বিকেলে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার নিজ বাসা থেকে আতিয়ার (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন তাঁর মা রওশন আরা বাদী হয়ে সদর উপজেলার গোপদীঘি এলাকার ইউসুফ হায়দার রিফাত, বত্রিশ এলাকার টিটু ও রাজিবকে আসামি করে কিশোরগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। আসামিদের মধ্যে রিফাত কারাগারে থাকলেও টিটু ও রাজিব এখনো গ্রেপ্তার হননি। এ কারণে মানববন্ধন থেকে এই হত্যা মামলার অপর দুই আসামিকে অবিলম্বে গ্রেপ্তার ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

স্কুলশিক্ষক আতিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে মামলাটির তদন্ত পুলিশ শুরু করেছিল। কিন্তু পুলিশ গড়িমসি করায় বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত জানুয়ারি মাসে মামলার তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়। গত ৩ ফেব্রুয়ারি ভোরে এ মামলার প্রধান আসামি ইউসুফ হায়দার ওরফে রিফাতকে (৩০) সদর উপজেলার বৌলাই এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি।
সিআইডি কিশোরগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. শহিদুল ইসলাম খান প্রথম আলোর কাছে দাবি করেন, ‘প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা আতিয়া জাহান হত্যা মামলার অন্যতম আসামি রিফাতকে ধরতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেম-বিষয়ক ঘটনায় রিফাত এই খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।’
রিফাতের বাড়ি মিঠামইন উপজেলার গোপদীঘি গ্রামে। আতিয়া জাহান মিঠামইন উপজেলার গোপদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।