প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের শক্তি, উদ্যম ও কর্মস্পৃহার মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ ও সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস-২০১১ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু চাকরির প্রত্যাশায় অন্যের মুখাপেক্ষী হয়ে না থেকে তোমরা নিজেদের পায়ে দাঁড়াতে চেষ্টা করো। দেখবে, একসময় তোমরাই অনেককে চাকরি দিতে পারছ।’ তিনি বলেন, যুবকেরা এখন তাদের আত্মকর্মসংস্থানের জন্য কম্পিউটার প্রশিক্ষণ, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি সমবায়, টেলিযোগাযোগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও অন্যান্য পেশায় প্রচুর সুযোগ-সুবিধা খুঁজে পাবে। কারণ, সরকার তাদের ব্যবসা শুরুর জন্য জামানতবিহীন ঋণসহ সম্ভাব্য সব ধরনের সহায়তার ব্যবস্থা করেছে।উন্নয়নের জন্য যুবশক্তিকে প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তোমাদের মেধা, শক্তি ও কর্মস্পৃহাকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে চাই।’যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় সংসদের একই মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল বক্তব্য দেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ স্বাগত এবং যুব ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মনজুরুল হক ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের সাতটি বিভাগে আত্মকর্মসংস্থান এবং অন্যান্য যুবকের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে দৃষ্টান্ত স্থাপনের জন্য ছয়জন যুব মহিলাসহ ১৫ জন যুবককে পদক দেন। এ বছর যুব দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘দিনবদলের আহ্বান: যুব কর্মসংস্থান’। বাসস।