আত্মঘাতী গ্যাস চুক্তি না করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ওএনজিসি এবং যুক্তরাজ্যের কনোকো-ফিলিপসের সঙ্গে আত্মঘাতী ও সর্বনাশা চুক্তি না করার আহ্বান জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
গতকাল সোমবার জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্ল্লাহ ও সদস্যসচিব আনু মুহাম্মদ এক যুক্ত বিবৃতিতে সরকারের প্রতি এই আহ্বান জানান। বিবৃতিতে দুই নেতা বলেন, বঙ্গোপসাগরের গ্যাসসম্পদ বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার প্রধান অবলম্বন। সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী সরকার সংশোধিত ‘উৎপাদন ও বণ্টন চুক্তি (পিএসসি) ২০১২’ অনুযায়ী ভারতের ওএনজিসির সঙ্গে বঙ্গোপসাগরের দুটি গ্যাসব্লক এবং এই মাসের শেষে যুক্তরাষ্ট্রের কনোকো-ফিলিপসের সঙ্গে একটি গ্যাসব্লক চুক্তি করতে যাচ্ছে। অথচ এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বার্থ ও ভবিষ্যৎ নিরাপত্তাহীন হবে।
দুই নেতা আরও বলেন, সংশোধিত পিএসসি ২০১২তে বিদেশি কোম্পানির অধিকতর মুনাফার স্বার্থে গ্যাসের ক্রয়মূল্য আগের চুক্তির তুলনায় শতকরা ৬০-৭০ ভাগ বাড়ানো হয়েছে। এই ধরনের পিএসসি প্রক্রিয়া-সরকার-নির্বিশেষে বঙ্গোপসাগরের বিশাল সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ। বিজ্ঞপ্তি।