আত্মঘাতী নারী 'জঙ্গি'
জঙ্গিবিরোধী অভিযান চলাকালে গতকাল শনিবার সকালে রাজধানীর আশকোনায় ‘সূর্য ভিলা’ নামের বাড়ির নিচতলা থেকে দুই নারী ও দুই শিশু আত্মসমর্পণ করে। সেখানে থাকা আরও তিনজনকে দুপুর ১২টার দিকে পুলিশ কর্মকর্তারা মাইকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছিলেন। শেষে পাঁচ মিনিটের সময় বেঁধে দেওয়া হয়। দুপুর ১২টা ১২ মিনিটে ‘জঙ্গি’ সুমনের স্ত্রী সাবিনা নামের একটি শিশুকে নিয়ে হেঁটে আসেন। এ সময় ‘জঙ্গি’ সুমনের স্ত্রী বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন। সঙ্গে থাকা শিশুকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময়ের ধারাবাহিক ছবি তুলেছেন জাহিদুল করিম।

দুপুর ১২টা ৫ মিনিট। বাড়িটির সামনের দিকে সোয়াতের সশস্ত্র অবস্থান। কিছুক্ষণ পরই পুলিশ সদস্যরা আত্মসমর্পণের জন্য ৫ মিনিটের সময় বেঁধে দেন।

দুপুর ১২টা ১২ মিনিট। শিশু সাবিনাকে সঙ্গে নিয়ে নিচতলার বাসা থেকে বের হয়ে আসেন ‘জঙ্গি’ সুমনের স্ত্রী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থামতে বলা সত্ত্বেও এগিয়ে যেতে থাকেন এই নারী।

শিশুটি এই নারীর সঙ্গে এগিয়ে আসে। তখন এই নারী ডান হাতটি চোখের ওপর তোলেন।

হঠাৎ দাঁড়িয়ে পড়ে শিশু সাবিনা ওই নারীর হাত ধরে মুখের দিকে তাকায়।

মুহূর্তে আত্মঘাতী বোমা ফেটে চুরমার।

হঠাৎ শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পরিবেশ।

দুপুর ১২টা ১৬ মিনিট। বাড়ির আঙিনায় পড়ে আছে ওই নারীর নিথর দেহ।