বইমেলা মানেই ভাবনার অন্য ভুবন। খুঁজতে খুঁজতেই মিলল প্রতিদিনের মতো গতকালও প্রথমার স্টলে বিচিত্র সব বই নিয়ে পাঠকদের উল্লেখ করার মতো আগ্রহ। উপন্যাস, গল্প, কবিতার, গবেষণার পাশাপাশি আত্মজীবনী, জীবনী ও স্মৃতিকথাও লোকে কিনছে। সোহরাওয়ার্দী উদ্যানের মেলার মূল প্রবেশপথ দিয়ে ঢুকে হাতের বাঁ পাশে এগিয়ে গেলে মেলে প্রথমা প্রকাশনের স্টলটি।
গতকাল বিকেলে এখানে দেখা গেল যথেষ্ট ভিড়। এ ভিড় ঠেলে কথা হয় প্রতিষ্ঠানটির প্রতিনিধির সঙ্গে। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর, বিশেষ করে পঞ্চাশের ও ষাটের দশকে যাঁরা কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন, গত ২০ বছরে তাঁদের অনেকের আত্মজীবনী-স্মৃতিকথা প্রকাশিত হয়েছে। এখনো হচ্ছে। তাঁদের কেউ সরকারের বড় পদে ছিলেন, কেউ সক্রিয়ভাবে রাজনীতি করতেন, কেউ কেউ ছিলেন শিল্পী-সাংবাদিক-লেখক। তাঁদের আত্মস্মৃতি শুধু নিজের জীবনকথা নয়, বাংলাদেশের বিকাশের কথকতাও।
অধ্যাপক আনিসুজ্জামানের আত্মজীবনীর কথাই ধরা যাক। প্রথমা থেকে বেরিয়েছে তাঁর আত্মজীবনীর একটা বিশেষ পর্ব বিপুলা পৃথিবী। এ বইয়ে ১৯৭২ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের নানা বিষয় ধরা আছে। বইটির তৃতীয় সংস্করণ মেলায় আসছে কাল মঙ্গলবার।
প্রথমা থেকে এবার বইমেলায় প্রকাশিত হয়েছে আতাউর রহমান খানের ওজারতির দুই বছর: মুখ্যমন্ত্রিত্বের দিনগুলি ১৯৫৬-৫৮। বইটি তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর অভিজ্ঞতার চমৎকার বয়ান।
হে বৃদ্ধ সময়-এ সৈয়দ শামসুল হক ভারত বিভাগের আগেকার স্মৃতিকথা লিখেছেন, যেখানে একটা বড় বিষয় ১৯৪৩ সালের মন্বন্তর। প্রথমা থেকে প্রকাশিত তাঁর আত্মস্মৃতি তিন পয়সার জ্যোছনা বইটিকে পঞ্চাশের দশকের শিল্প-সাহিত্য-সংস্কৃতির একটা ভাষ্য বলা চলে।
ফারুক চৌধুরী ছিলেন কূটনীতিক। প্রথমা থেকে এবারের বইমেলায় প্রকাশিত অনাবিল মুখচ্ছবি বইয়ে তিনি মূলত দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের স্মৃতিচারণা করেছেন। তাতেও বাংলাদেশের ইতিহাসের উপাদান আছে। এর আগে প্রথমা থেকে প্রকাশিত তাঁর জীবনের বালুকাবেলায় গ্রন্থে তিনি কূটনীতিকের চোখে দেখেছেন পাকিস্তানের বিলয়, বাংলাদেশের অভ্যুদয় এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের ঝোড়ো রাজনীতির উত্থান-পতন। বইটি পরে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার লাভ করে।
প্রথমা প্রকাশিত আত্মজীবনী, স্মৃতিকথা আর জীবনীর মধ্যে রয়েছে কাইয়ুম চৌধুরীর জীবনে আমার যত আনন্দ, এবিএম মূসার আমার বেলা যে যায় (তৃতীয় মুদ্রণ), এ টি এম শামসুল হুদার ফিরে দেখা জীবন, আন মারি ওয়ালীউল্লাহর আমার স্বামী ওয়ালী (দ্বিতীয় মুদ্রণ), সৈয়দ আবুল মকসুদের স্মৃতিতে সৈয়দ ওয়ালীউল্লাহ, শামসুর রাহমান ও মতিউর রহমানের শহীদ নূর হোসেন, মতিউর রহমানের আকাশভরা সূর্যতারা: কবিতা-গান-শিল্পের ঝরনাধারায় (দ্বিতীয় মুদ্রণ)’, ভবানীপ্রসাদ দত্ত অনূদিত পাবলো নেরুদার অনুস্মৃতি (দ্বিতীয় মুদ্রণ), বি ডি হাবিবুল্লাহর শেরেবাংলা ও মোরশেদ শফিউল হাসানের নজরুল জীবনকথা।
আজ বিকেল থেকে প্রথমা প্রকাশন স্টলে থাকবেন লেখক আসিফ নজরুল। এবারের মেলায় এসেছে আসিফ নজরুলের উপন্যাস অসমাপ্তির গল্প।