আত্মনিয়ন্ত্রণ অর্জনের সংগ্রামে শামিল হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তু লারমা
সন্তু লারমা

প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজের আত্ম-নিয়ন্ত্রণ অর্জনের লড়াইয়ে শামিল হওয়ার জন্য আদি-বাসী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। এ ক্ষেত্রে শুধু পাহাড়ি জাতিসত্তার নয়, দেশের বিভিন্ন আদিবাসীর চলমান সংগ্রামে একাত্ম হতেও আহ্বান জানান পাহাড়ের এই নেতা। গতকাল বৃহস্পতিবার বিকেলে পাহাড়ি ছাত্র পরিষদ, ঢাকা মহানগর কমিটি আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠানে তিনি বলেন, জ্ঞানার্জনের লক্ষ্য হওয়া উচিত নিজের জাতি ও সমাজের সেবা করা। দুর্ভাগ্যজনকভাবে পাহাড়ি তরুণদের একটি অংশ পার্বত্য চুক্তিবিরোধী অবস্থান নিয়ে সন্ত্রাসের পথ অবলম্বন করেছে। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সহিদ আকতার হুসাইন বলেন, দেশের গরিষ্ঠ মানুষ পাহাড়িদের ন্যায়সংগত অধিকারের পক্ষে। তবে একটি স্বার্থান্বেষী মহল আদিবাসীদের সঙ্গে বাঙালিদের দ্বন্দ্ব লাগিয়ে রাখতে চায়। জুয়েল চাকমার সভাপতিত্বে নবীনবরণের আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌরভ সিকদার।