প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে আত্মনির্ভরশীল দেশ গড়ে তুলতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। কারও কাছে হাত পেতে চলতে চাই না।’ খবর বাসসের। প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার রাতে গণভবনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট এবং লাখো কণ্ঠে জাতীয় সংগীত কর্মসূচিতে আর্থিক অনুদানের চেক গ্রহণকালে এসব কথা বলেন। এ সময় ২৪টি করপোরেট হাউস, আটটি টেলিকম কোম্পানি, ২৩টি পাওয়ার প্লান্ট, ১০টি রাষ্ট্রীয় ব্যাংক ও ইনস্যুরেন্স কোম্পানি এবং ২৮টি প্রাইভেট ব্যাংকের কোম্পানি চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকেরা প্রধানমন্ত্রীর হাতে এ সহায়তার চেক তুলে দেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংগীত স্বাধীনতার প্রতীক। এটি সবার জানা ও চর্চা করা উচিত। লাখো কণ্ঠে এই সংগীতের মাধ্যমে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হবে। তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে আমরা স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে চাই।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যাতে টি-টোয়েন্টি অনুষ্ঠিত না হতে পারে, সে জন্য বিভিন্ন চক্রান্ত হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলো সেই চক্রান্তে সাড়া দেয়নি। সেই চক্রান্তকে অবজ্ঞা করে তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।